আড়াইহাজারে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আড়াইহাজারে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফরহাদ শিকদারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী শিশুর বাবা জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই থানার এসআই মো. সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন— ফরহাদ শিকদার (১৯), আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের উজান গোবিন্দি পশ্চিমপাড়ার জব্বর শিকদারের ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বিকেলে ফরহাদ শিকদার প্রতিবেশী ১২ বছর বয়সী এক শিশুকে প্রেমের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং বিল্লাল নামে আরেকজনের সহায়তায় তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হলে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


