Logo
Logo
×

নগরের বাইরে

ঝুট নিয়ে দ্বন্দ্বে টালমাটাল ফতুল্লা বিএনপির রাজনীতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ঝুট নিয়ে দ্বন্দ্বে টালমাটাল  ফতুল্লা বিএনপির রাজনীতি

ঝুট নিয়ে দ্বন্দ্বে টালমাটাল ফতুল্লা বিএনপির রাজনীতি

Swapno



# কিভাবে শৃঙ্খলা ফেরানো যায় দেখা হচ্ছে : রাজিব।

# তদন্ত করছি, যেকোনো টাইমে অ্যাকশন হবে:  টিটু


ফতুল্লা শিল্পাঞ্চলে ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষ, হামলা ও হুমকির ঘটনায় টালমাটাল হয়ে উঠেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি। দলের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান দ্বন্দ্ব এখন প্রকাশ্য সংঘর্ষে রূপ নিয়েছে, যা শুধু দলীয় শৃঙ্খলাকেই প্রশ্নবিদ্ধ করছে না,স্থানীয় জনমনে তৈরি করছে চরম উদ্বেগ ও আতঙ্ক।


গত ৯ এপ্রিল ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এর রেশ কাটতে না কাটতেই ১৬ এপ্রিল বিসিক এলাকায় ঝুট নিতে গিয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীকে হুমকি দেওয়া এবং কৃষক দলের সদস্য সচিবের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এর আগেও বিভিন্ন সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝুট নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন।


স্থানীয়দের অভিযোগ, এসব সংঘর্ষের সময় সাধারণ মানুষও ক্ষতির শিকার হচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে, তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা। ফলে ধীরে ধীরে বিএনপির প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। স্থানীয়দের মতে, এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়,বরং সাংগঠনিক দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতারই বহিঃপ্রকাশ। এর দায় এড়াতে পারেন না জেলা ও থানা বিএনপির শীর্ষ নেতারাও।


এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং শিগগিরই বৈঠকে বসা হবে। কাল-পরশুর মধ্যে আমরা বসে কীভাবে শৃঙ্খলা ফেরানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেবো। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানিয়েছেন, ঘটনাগুলো তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তদন্ত করা হচ্ছে, যেকোনো সময় অ্যাকশন নেওয়া হবে।


বারবার সংঘর্ষ, হুমকি আর অভ্যন্তরীণ কোন্দল প্রমাণ করছে ফতুল্লায় বিএনপির রাজনীতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতৃত্ব যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে এই অস্থিরতা শুধু দলকেই নয়, পুরো শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এখন দেখার বিষয় ঘোষণার বাইরে গিয়ে বাস্তবে কতটা কঠোর অবস্থান নেয় দলটি, নাকি আগের মতোই সবকিছু ধামাচাপা পড়ে যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন