ফতুল্লায় পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুর বিকৃত মরদেহ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুর বিকৃত মরদেহ উদ্ধার
ফতুল্লা থানার ফতুল্লার দাপা ব্যাংক কলোনী এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুর (৯) পচা বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এদিকে শহরের চাষাঢ়ায় ফেরি করে ফুল বিক্রি করা রোকসানা এসে মরদেহটি তার ছেলে হোসাইনের দাবী করেছেন। রোকসানা হাতের আঙ্গুল কাটা ও পায়ের জুতা দেখে লাশ সনাক্ত করেন। তবে পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, যে বাড়িতে লাশটি পাওয়া গেছে। এ বাড়িটি দীর্ঘ দিন ধরেই পরিত্যাক্ত। বাড়ির গেইটে তালা দেয়া থাকলেও মাদকসেবীরা দেয়ালের উপর দিয়ে ভিতরে প্রবেশ করেন। এরপর মাদক ব্যবসা ও সেবন এখানেই চলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, পরিত্যাক্ত বাড়ির মালিকের নাম কেউ বলতে পারেনা। লাশটি প্রায় ৪/৫ দিন আগের। শরীরের অনেকটা অংশ পচে গেছে। দেখে মুখের আকৃতি বুঝা যায়না। এরমধ্যে রোকসানা নামে একজন নারী লাশটি তার ছেলে হোসাইনের (৯) দাবী করেছে। আমরা ওই নারীর নাম পরিচয় রেখেছি। চেষ্টা করছি, প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করার।
রোকসানা জানান, বৃদ্ধা মা শিশু সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। সে শহরের চাষাঢ়া এলাকায় ফেরি করে ফুল বিক্রি করেন। প্রায় সময় ফুল বিক্রি করতে তার ছেলে হোসাইনকেও নিয়ে যান। ৫/৬ দিন যাবত তার ছেলে নিখোঁজ রয়েছে। লাশের হাতের আঙ্গুল ও পায়ের জুতা দেখে তার ধারণা এটা হোসাইনের লাশ।


