বন্দরে শিশু বলাৎকারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
বন্দরে শিশু বলাৎকারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাবাগ এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে দীর্ঘ দিন ধরে বলাৎকারের অভিযোগে মো.তাসকিন কিবরিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ তাকে আটক করে।
আটক কিবরিয়া বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল কিবরিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন। তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দল নেতার ছেলেকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’
এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, গত ঈদুল আজহার পর থেকে অভিযুক্ত কিশোর নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে নিয়মিত বলাৎকার করে আসছিল। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অবশেষে গত ৭ জুলাই দুপুরে শিশুটি তার বাবা মেহেদী হাসান ফাহাদকে পুরো ঘটনা খুলে বলে।
ভুক্তভোগীর বাবা জানান, তিনি বিষয়টি অভিযুক্তের বাবাকে জানালে তিনি উল্টো তাকে অপমান করেন এবং কোন ব্যবস্থা নিতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে বুধবার (৮ জুলাই) বিকেলে তিনি বন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরপরই বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবরের নেতৃত্বে অভিযুক্ত তাসকিন কিবরিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
অভিযুক্ত কিশোরের পিতা বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল কিবরিয়া জানান, ‘বিষয়টি নিয়ে আমরা বসেছি, এব্যাপারে পরে কথা বলবো।’


