হাতে থাকা কাঁচা আখের সাথে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শ
কাশিপুরে মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বগ্ধ পাঁচ শিক্ষার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
কাশিপুরে মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বগ্ধ পাঁচ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে একটি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছে। গতকাল (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে কাশিপুরের হাজিপাড়া মাওলানা রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হাজিপাড়া মাহিলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে। দ্বগ্ধ শিক্ষার্থীরা হলেন, ওই মাদ্রাসার জীদনী (১৪), লামিয়া (১৪), আফিয়া (১০), সুমাইয়া (১৩), আছিয়া (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, পাঁচজন ছাত্রী বিকেলে ভবনের তৃতীয় তলায় ছাদে খেলতে যাওয়ার সময় তাদের হাতে একটি কাঁচা আখ ছিলো। তৃতীয় তলা ভবনের ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, আখের পাতা অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের স্পর্শে এসে স্পার্ক সৃষ্টি হয়। একই সময়ে ভবনের পাশে স্থাপিত গ্যাস লাইনের রাইজারে হয়তোবা গ্যাস লিকেজ থাকার কারণে গ্যাস রাইজার বিস্ফোরণ হয়। এসময় বিদ্যুত ও গ্যাসের আগুনে পাঁচজন ছাত্রী দ্বগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
মাদ্রসার এক শিক্ষিকা জানান, শনিবার আছরের পর ক্লাস ছুটির পর বাচ্চারা ছাদে খেলতে যায়। এসময় হঠাৎ বাচ্চাদের চিৎকারে ছুটে গিয়ে বাচ্চাদের দ্বগ্ধ অবস্থায় আমরা দেখতে পাই। কিভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো আমরা বলতে পারছিনা। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান জানান, বাচ্চারা সাধারণত ছাদে খেলতে যায় না। ওই দিন বিকেলে কয়েকজন বাচ্চা ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাঁচজন ছাত্রী আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে একটি গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে ওই আগুনের সঙ্গে ছাত্রীদের কোনো সংস্পর্শ হয়নি। গ্যাসের রাইজার কেন বিস্ফোরিত হয়েছে, তা ফায়ার সার্ভিস তদন্ত করছে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, কাশিপুর মহিলা মাদ্রাসার বাচ্চারা ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছে। দ্বগ্ধ সকলের মুখোমণ্ডলে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিদ্যুৎস্পর্শে আহতদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।


