Logo
Logo
×

নগরের বাইরে

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

Swapno

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মোজাম্মেল হোসেন রিপন নামক এক বিএনপি নেতাকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ওই নেতা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম-বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন বলে জানা গেছে। গতকাল  (১৭ নভেম্বর) মাগরিবের নামাজের পরে রিপনের নিজের মুদি দোকান থেকে তাকে থানায় আনা হয়।মোজাম্মেল হোসেন রিপন মুন্সীগঞ্জের বিএনপি নেতা সমীর উদ্দিনের ছেলে।


দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় বসবাস করেন। পুলিশের একটি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে নেওয়া ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দলটির বিভিন্ন পদধারী নেতাকর্মীর সঙ্গে ছবি থাকার সুবাদে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এদিকে দলীয় নেতাকে আটকের খবরে তাকে ছাড়িয়ে নিতে থানা প্রাঙ্গণে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আনাগোনা করতে দেখা গেছে।



বিএনপি নেতাকে হেফাজতে নেওয়ার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.হেমায়েত উদ্দিন  বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারছি না। এরপর তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার অনুরোধ করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন  বলেন, রিপন ভাই আমাদের ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম-বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। থানা পুলিশ ভুলবশত তাকে আটক করে নিয়ে এসেছে। আমরা বর্তমানে ওসি স্যারের অপেক্ষায় থানায় রয়েছি।



আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে আটক করার তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলে, উনি বহু বছর ধরে বিএনপির রাজনীতি করেন। তবে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সঙ্গে তার কিছু সামাজিক প্রোগ্রামের ছবি ছাড়া অন্য কিছু নেই। মূলত শাহজালাল বাদলও এক সময় আমাদের সঙ্গে ছাত্রদল করেছেন। বক্তব্যের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন