টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবার খোদ থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের সশস্ত্র সদস্যরা। তারা মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে আমন্ত্রণ জানিয়ে এই আক্রমণ চালায়। উগ্রবাদী নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে। পাশাপাশি বিএনপি দলীয় এমপি এম কে জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। পুড়িয়ে দেয়া হয়েছে থানা কম্পাউন্ডে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বসবাসের বাড়িও।গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ৯ টায় টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হামলা ও সহিংসতা চলছিল বলে জানা গেছে।
প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে এ্যাকশনে যায় পুলিশ। কিন্তু একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ সদর দপ্তরের সহকারি মহা পরিদর্শক (মিডিয়া) কামারুম মুনিরা আমার দেশ’কে বলেন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেন নি তিনি। পুলিশের অস্ত্র লুটের বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয় আ’লীগের উগ্রবাদী ও সশস্ত্র ক্যাডাররা। একপর্যায়ে তারা থানার প্রধান ফটক ঘেরাও করেন।
পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লীগের ক্যাডাররা পুলিশের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে থানার ভেতরে প্রবেশ করে। সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে থানার চত্বরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায়। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। স্থানীয় বিএনপি ও বিরোধী দলের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। বিএনপি অফিস পুড়িয়ে দেয় তারা। ওইদিনও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে । ওই ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও প্রায় দুই হাজার ব্যক্তিকে। গত ১৫ নভেম্বর মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালায় আওয়ামী ক্যাডাররা। টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
একই দিন টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লীগের সশস্ত্র কাডাররা। ক্রমাগতভাবে আওয়ামী লীগের সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশ ও বিশেষায়িত বাহিনীর সদস্যদের পাশাপাশি বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির কথাও জানানো হয়। কিন্তু এর মধ্যেই এভাবে থানায় হামলা ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে কঠোরভাবে আইন প্রয়োগের কথা ভাবছে সরকার।


