বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাশা (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল (২১ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিতের অবস্থাও এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন। এর আগে, গত ২০ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত রতন ডাইং কারখানায় এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ওই দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।


