Logo
Logo
×

নগরের বাইরে

চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
Swapno

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন মিয়া রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি। আগামী সপ্তাহেই ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।



নিহতের দুলাভাই মাসুম মিয়া বলেন, দেবই মাদ্রাসার দপ্তরী ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে মামুন, রিয়াদ ও শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে চাচা মামুন হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত ইয়াছিনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় আগে দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছিল। মৃত্যুর ঘটনায় এখন হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন