ঢাকার রাস্তায় কাক-পাখি নেমেছে : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৬:১৫ পিএম
ঢাকার রাস্তায় ‘কাক-পাখি’ নেমেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সোমবার (১ মার্চ) দুপুরে নারায়ণঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান বলেন, “আজকে ঢাকার রাস্তায় কিছু কাক-পাখি নেমেছে! তাই এই অনুষ্ঠানে উপস্থিত হতে একটু বিলম্ব হয়েছে। আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে অনেক আশা করে। কিন্তু আপনারা তাঁদের জন্য করবেন কি করবেন না; সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা। আজকে দেশে করসপ্রেন্সি হচ্ছে। এই করসপ্রেন্সি শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য না, এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য! রাষ্ট্রের মূল কাঠামো কারা? সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং আমলাতন্ত্র এই কাঠামোগুলোকে বাইরে থেকে নিয়মিতভাবে আঘাত করা হচ্ছে! কেনো? এই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে এটাকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চায়! আর এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দেয়া হচ্ছে। তাই আমাদের কেয়ারফুল থাকতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা এখানে থাকবে”।
শামীম ওসমান আরো বলেন, “বাংলাদেশে দুই ধরনের রাজনীতিবিদ আছে, একটা আবেগ দিয়ে রাজনীতি করে, আরেকটা বুদ্ধি দিয়ে রাজনীতি করে। যারা আবেগ দিয়ে করে, তাঁদের দিয়ে রাজনীতিটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে”! এখন গাছের পাতায় পাতায় আওয়ামীলীগ। পাতা ঝরে ঐটাও আওয়ামীলীগ আর পাতা হয় ঐটাও আওয়ামীলীগ। খুবই বিপদজনক কিন্তু এইটা”।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।


