মন্ত্রী গাজী ও এমপি বাবুর প্রশংসায় পঞ্চমুখ শামীম ওসমান!
শাহজাহান দোলন
প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৯:৪২ পিএম
জাতীয় সংসদসহ বিভিন্ন সভা সমাবেশের বক্তব্য ও গণমাধ্যমে প্রচারিত স্বাক্ষাৎকার ইতিমেধ্যেই তাঁকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। এর কারণ, বড় কঠিন কথাও বেশ মলিন করে উপস্থাপন করতে পারদর্শী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নিজ প্রতিপক্ষকে শক্ত কথার মাধ্যমে যেমন আক্রমনাত্মক সংকেত দিতে পারেন; ঠিক তেমনি অন্যদের প্রশংসাও করতে পারেন ষাটোর্ধ্ব এই সাংসদ।
সোমবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা গিয়েছে এমনই এক মূহুর্ত। যেখানে নিজ দলের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও এমপি নজরুল ইসলাম বাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শামীম ওসমান।
পুলিশ মেমোরিয়াল-ডে ২০২১ উপলক্ষ্যে আয়োজিত সেই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতিকের) প্রশংসা করে শামীম ওসমান বলেন, আমার কাছে সে মন্ত্রী হিসেবে বড় ফেক্ট নন। বাংলাদেশে মন্ত্রী আসে মন্ত্রী যায়। কিন্তু মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক যারা পায়, এটি একটি বড় পাওয়া। সেটা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই গাজী ভাই পেয়েছেন। যারা সেদিন আমার বাবার মতো ও ভায়ের মতো যুদ্ধ করেছিলেন, গাজী ভাই তাঁদের মধ্যে অন্যতম। এরা যুদ্ধ করেছিলেন বলেই, আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তাঁদের জন্যই আজকে আমরা স্বাধীন বাংলাদেশের সংসদ সদস্য এবং স্বাধীন বাংলাদেশের পুলিশ। নইলে পুলিশের চাকরি তো দূরের কথা, ঝাড়–-দারের চাকরি পাইতেন কিনা এতে সন্দেহ আছে! আর আমরা কি থাকতাম তা-তো সন্দেহ আছেই।
এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে নিজের ভাগ্নে উল্লেখ করে শামীম ওসমান বলেন, এখানে আমাদের আরো একজন আছে ‘ভাগীনা’ যে, চোখের সামনে বড় হয়ে গেছে। ওরেও মাননীয় সংসদ সদস্য বলে সবাই। ও (বাবু) যখন জেল খানায় ছিলো আমি তখন দেশের বাইরে। আমি সেখান থেকে আপার সাথে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কথা বলেছি। প্রথমবার যখন ওকে ছাত্রলীগের সেক্রেটারি করা হলো, ঢাকার উত্তরে না দক্ষিণে খেয়াল নেই। নারায়ণগঞ্জের দেখে নাকি দেয় না। দেয় না দেখে ও (বাবু) আমাকে এসে বললো মামা দেখেন আমারা নারায়ণগঞ্জ, বাদ দিয়ে দেয়। ভিতরে একটা বিরাট বিদ্রোহ হয়ে গেলো! সেখানে সব সিনিয়র নেতারা ছিলো কিন্তু যাই হোক দিতে বাধ্য হয়েছিলো। আর সেটা তাঁর যোগ্যতার ভিত্তিতেই হয়েছে। তাই এখন সে একজন যোগ্য রাজনীতিবিদও। এমপি হওয়াটা সবচেয়ে বড় কথা নয়, মানুষের মনের ভিতরে জায়গা করে নেওয়াটাই সবচেয়ে বড় কথা।
শুধু বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) কিংবা এমপি নজরুল ইসলাম বাবুর প্রশংসাই নয়, শামীম ওসমান অনুষ্ঠানে প্রশংসায় ভাসিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং পুলিশ সুপার জায়েদুল আলমকে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।


