কুখ্যাত রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর চক্রান্ত চলছে:আইভী (ভিডিও)
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৬:৫৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মুক্তিযোদ্ধারা জানেন, তাদের সহপাঠীরা কে ছিলো তা তারা ভালো করেই বলতে পারবেন। কিন্তু ইদানিং দেখেছেন, অত্যন্ত পরিতাপের বিষয় অস্ত্র লুট করেছেন যাকে আমরা কুখ্যাত রাজাকার গোলাম রাব্বানীকে মুক্তিযোদ্ধা বানানোর চক্রান্ত চলছে। এটা অত্যন্ত লজ্জাজনক। জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক।
রোববার (৭ মার্চ) বিকেলে শহরের পাইকপাড়ায় ১৭নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধনের আগে উত্তরণ সংসদে এক সভায় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, নারায়ণগঞ্জে যে সমস্ত মিথ্যা ছড়ানো হচ্ছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নারায়ণগঞ্জে অপপ্রচার চালানো হচ্ছে। সর্তক হোন। যারা হত্যার রাজনীতি করে গেছে, জুলুমের রাজনীতি করে গেছে তারা সত্য কথা বলতে পারেনা।
মেয়র বলেন, আমি উন্নয়নের সমস্ত জায়গায় কাজ করছি। উন্নয়নগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বাধা তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি যাতে তার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের পাশে থাকতে পারি, সেবা করতে পারি সেই দোয়া করবেন।মাননীয় প্রধানমন্ত্রী যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, একজন কর্মী হিসেবে যাতে কাজ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর আব্দুল করিম বাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির প্রমুখ।


