আমি তাকে ‘আওয়ামীলীগার’ হিসেবে ধরি না : খোকন সাহা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৮:১৪ পিএম
চাষাঢ়ার শহীদ মিনারে তাঁতীলীগকে সমাবেশ করার অনুমতি না দিয়ে যারা গণসংহতিকে সমাবেশের অনুমতি দিয়েছে তাকে ‘আওয়ামী লীগ’ ধরা যায়না বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছেন, ‘আজকে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সংগঠনের নেতারা শহীদ মিনারে সমাবেশ করার অনুমতি চেয়েছিলে; কিন্তু তাঁদের অনুমতি দেয়া হয়নি। সমাবেশের সুযোগ পেয়েছে গণসংহতি আন্দোলন। যিনি গণসংহতির মতো একটি ভূইফোঁড় সংগঠনকে সমাবেশের অনুমতি দিলেন! উনি কি আওয়ামীলীগ করেন? আমি কিন্তু তাকে আওয়ামীলীগার হিসেবে ধরি না’।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে সুধীজন পাঠাগারের সামনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং তাঁতীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত হয়ে খোকন সাহা এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘কি বিচিত্র এই নারায়ণগঞ্জ আর কি বিচিত্র এই জাতি। যেই গণসংহতি আমাদের দলের নেত্রীকে গালি-গালাজ করছে, তাদের সাথে আপনারা অনুষ্ঠান করবেন, করেন। দেবোত্তর সম্পত্তি খাবেন, মসজিদের টাকা খাবেন, এটা কিন্তু হতে পারে না। দায়মুক্ত হোন। ৭৫ সালের ১৫ই আগষ্টের পরে রাজনীতি করেছি। মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। গত পঞ্চাশ বছরের ইতিহাস আমি সব জানি। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সব বলে দিবো’।
বাংলাদেশ তাঁতীলীগের কার্যনির্বাহী কমিটির আহবায়ক ফারুক সাহেদের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতীলীগের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পদক মমতাজ উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক অনুকুল চন্দ্র, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা প্রমুখ।


