Logo
Logo
×

রাজনীতি

ছন্নছাড়া না’গঞ্জ স্বেচ্ছাসেবক লীগ!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৬:১৮ পিএম

ছন্নছাড়া না’গঞ্জ স্বেচ্ছাসেবক লীগ!
Swapno

১৯৯৮ সালে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক লীগের। কাগজে কলমে স্বেচ্ছাসেবক লীগের বয়স এখন ২৩ বছর। এই দীর্ঘ ২৩ বছরে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি হয়েছে মাত্র একটি। তাও জেলা নয়, পূর্নাঙ্গ হয় মহানগরের কমিটি। যদিও দ্বিবার্ষিক হিসেবে মহানগরের কমিটিরও মেয়াদ ফুড়িয়েছে আরো আগে। অন্যদিকে, দীর্ঘ ২৩ বছরেও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের একটিও পূর্নাঙ্গ কমিটি হয়নি।    


সূত্র জানায়, ১৯৯৮ সালে স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটার পর তৎকালিন সময়ে নারায়ণগঞ্জে এই সংগঠনটির কাগজে-কলমে কোন কমিটি না থাকলেও নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচয় দিতেন প্রয়াত রাজনৈতিক মাহাতাব উদ্দিন লাল ও নিয়াজুল।


অতঃপর ২০০৩ মতান্তরে ২০০৬ সালে আহবায়ক ও ৫ জন যুগ্ম আহবায়কসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় নিজামউদ্দীনকে এবং যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হোসেন, আব্দুল মতিন মন্টু, গোলাম কিবরিয়া খোকন ও শাহাজাদা প্রধান বাবুলকে। তাদের ওই আহবায়ক কমিটি দীর্ঘ ১৫ থেকে ১৮ বছর পার করলেও পূর্নাঙ্গ হয়নি জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি। তাছাড়া, বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগে তারা সক্রিয় নেই। নিজামউদ্দীনকে মাঝে মাঝে আওয়ামী লীগের ভিন্ন কোন কর্মসূচিতে দেখা গেলেও অন্যদের খোঁজ খবর নেই।


অন্যদিকে ২০১৭ সালের ২০ জুলাই শহর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয় মোঃ জুয়েল হোসেনকে যিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হন সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। দ্বিবার্ষিক হিসেবে মহানগরের ওই কমিটির মেয়াদ ফুড়িয়েছে আরো প্রায় আড়াই বছর আগে।

 

তবে, মেয়াদ ফুড়ালেও তারাই স্বেচ্ছাসেবক লীগের ব্যনার আগলে রাখছেন। দলীয় কর্মসূচিতে তাদের সরব থাকতে দেখা যায়। তবে, অভ্যান্তরীন থানা ও ওয়ার্ড কমিটি এখনো গঠন করতে পারেনি মহানগর স্বেচ্ছাসেবক লীগ। ফলে তৃণমূল পর্যায়ে নিষ্প্রাণ ক্ষমতাসীন দলের অন্যতম এই সহযোগি সংগঠনটি।
এ প্রসঙ্গে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় অভ্যান্তরীন থানা ও ওয়ার্ড কমিটি গঠনে বেগ পেতে হয়েছে। তবে, আমাদের কার্যক্রম চলছে। কমিটি প্রস্তুত করা আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের পরই আনুষ্ঠানিক ভাবে এগুলো গঠন করা হবে।’


বিশ্লেষকরা বলছেন, সাধারণত রাজনৈতিক সংগঠনগুলো দ্বিবার্ষিক মেয়াদে কমিটি ঘোষণা করে থাকে। সে হিসেবে দ্বিবার্ষিক মেয়াদে ধারাবাহিক ভাবে কমিটিগুলো গঠন হতে থাকলে বিগত ২৩ বছরে নারায়ণগঞ্জে অন্তত ১১টি কমিটির পালাবদল হতো স্বেচ্ছাসেবক লীগে। তাছাড়া এমন ধারা বজায় থাকলে স্বেচ্ছাসেবক লীগেই আরো নেতৃত্ব বেড়িয়ে আসতো। তবে, কমিটি বিড়ম্বনায় তা হয়ে উঠেনি।  


এই বিষয়ে জুয়েল হোসেন বলেন, ধারাবাহিক ভাবে কমিটিগুলো হলে সংগঠনের জন্যই তা মঙ্গলকর। নতুন নেতৃত্ব আসা বা নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ থাকে। কিন্তু যথা সময়ে কমিটি না হওয়ার বিষয়টি কেন্দ্রের নেতারা বলতে পারবেন। তবে, আমাদের মহানগর স্বেচ্ছাসেবক লীগ মাঠে সক্রিয় আছে। আমরা দলের যেকোন কর্মসূচি গুরুত্ব দিয়ে পালন করে থাকি। পাশাপাশি মানুষের সেবাও করে যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য।


এদিকে, মহানগরের নেতারা সরব থাকলেও মেয়াদোত্তীর্ণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির কারও দেখা নেই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে তাদের কোন ভূমিকাও দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম আছে কিনা তা নিয়েও অনেকের মাঝে রয়েছে সন্দেহ সংশয়।


এই বিষয়ে জানতে জেলা কমিটির আহবায়ক নিজামউদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, মহানগরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের ব্যবহৃত নম্বরেও সংযোগ পাওয়া যায়নি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন