Logo
Logo
×

রাজনীতি

না’গঞ্জের রাজনীতিতে ব্যতিক্রম চুনকা পরিবার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৭:৩৬ পিএম

না’গঞ্জের রাজনীতিতে ব্যতিক্রম চুনকা পরিবার
Swapno

নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যতিক্রম হলো চুনকা পরিবারের রাজনীতি। প্রয়াত জননেতা আলী আহম্মদ চুনকার ছেলে মেয়েদের মাঝে রাজনীতিতে সক্রিয় রয়েছেন দুইজন। এরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং তার ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল।

 

এছাড়া সক্রিয় রয়েছেন আলী আহম্মদ চুনকার মেয়ে জামাতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির। আলী আহম্মদ চুনকার আরেক ছেলে ও মেয়রের অপর ছোটো ভাই আহম্মদ আলী রেজা রিপনও নারায়ণগঞ্জ শহরে বিশেষ পরিচিত মুখ। কিন্তু তিনি সরাসরি দলের বড় কোনো পদে নেই। নারায়ণগঞ্জের সকল মহলের মতে এই শহরে ব্যতিক্রম রাজনীতির প্রতিচ্ছবি এই পরিবার। এ দেশের রাজনীতিতে হাকডাক, হুমকি-ধমকি আর সন্ত্রাস একটি অন্যতম উপাদান। এই শহরেই একই দলের আরো একটি পরিবারের রাজনীতি মানুষ দেখছে। ওই পরিবারের সদস্য হুমকি-ধমকি ছাড়া যেনো কোনো কথাই বলতে পারেন না। কিন্তু আলী আহম্মদ চুনকার উত্তরসূরিদের মাঝে অপরাজনীতির কোনো ছিটাফোঁটাও নেই।

 

তবে প্রয়োজনে মেয়র আইভী ধমক দিতে ছাড়েন না। তিনি সেটা তখনই দেন যখন ওই বিশেষ পরিবারের সদস্যরা সীমালঙ্ঘন করতে শুরু করেন। নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে বিগত প্রায় আঠারো বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন মেয়র আইভী। তিনি এতোটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যে এই জনপদে অতীতে আর কাউকে তার মতো এভাবে টানা জনপ্রিয় অবস্থান ধরে রাখতে দেখা যায় নি। তিনি তার মেধা, সততা, দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে সর্ব স্থরের সাধারন মানুষের মন জয় করেছেন। এর জন্য তাকে কখনো কোনো পেশী শক্তির আশ্রয় নিতে দেখা যায়নি। প্রয়োজন পড়েনি কোনো সন্ত্রাসের রাজনীতির।

 

কেবল মাত্র সৎসাহস নিয়ে মানুষের জন্য কাজ করলেই যে সব কিছু জয় করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন মেয়র আইভী। শুধু তাই নয় মেয়র আইভীর সততা ও বলিষ্ট নেতৃত্বের কারণেই তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এমন কি সারা বাংলাদেশে আওয়ামী লীগের সর্বত্র তিনি একজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব নারায়ণগঞ্জের গনমানুষের জন্য তিনি কাজ করে চলেছেন। তার উন্নয়নের সমান সুফল ভোগ করছেন সবাই। এ ক্ষেত্রে তাকে কখনোই কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিভাজন করতে দেখা যায়নি। তাই সব ধর্মের এবং সব দলের মানুষই তাকে নির্বাচনে ভোট দেন। যার ফলে বার বার তিনি তার প্রতিদ্ব›দ্বীর চেয়ে বিশাল ব্যাবধানে জয় লাভ করেন।

 

ফলে দেখা যায় এই শহরের রাজনীতিতে আইভী তার নিজের জন্য সত্যিই এক ব্যাতিক্রম ইমেজ গড়ে তুলেছেন যা কিনা সুউচ্চ এবং অদম্য। তাই ভোটের রাজনীতিতে আর কখনো তাকে হারানো যাবে না বলেই মনে করেন নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ। এদিকে তার ছোট বোন জামাতা আবদুল কাদিরও নারায়ণগঞ্জের মানুষের মাঝে বিশেষ পরিচিত একজন রাজনীতিবিদ। এখন থেকে প্রায় চৌদ্দ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে এই আবদুল কাদির অল্প কিছু ভোটে হেরেছিলেন। তবে ওই নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থীর মাঝে তিনিই প্রথম হয়েছিলেন। ওই নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করেছিলেন  জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল।

 

তখন আওয়ামী লীগের প্রার্থী তিনজন হওয়ায় বিএনপির এক মাত্র প্রার্থী আজাদ বিশ্বাস জয়ী হয়েছিলেন। জয়ী হতে না পারলেও জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছিলেন আবদুল কাদির। সেই থেকে আবদুল কাদিরও এই শহরের মানুষের মাঝে জনপ্রিয় একজন জননেতা হিসাবে পরিচিত। তিনিও কোনো রকম অন্যায় দেখলে চুপ করে থাকেন না। শহুরে অপশক্তির বিরুদ্ধে সব সময়ই তাকে স্বোচ্চার দেখা যায়। তারও কোনো ক্যাডার বাহিনী নেই বা কোনো রকম কালো টাকার মালিক নন। তিনি সুদীর্ঘ বহু বছর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু কখনোই তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি।


অপরদিকে মেয়র আইভীর ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপনকে নারায়ণগঞ্জের মানুষ একজন সরল সহজ ভদ্রলোক হিসাবেই চিনেন। তাকেও কখনো কোনো ক্ষমতার অপব্যাবহার করতে দেখা যায়নি। সম্প্রতি তিনি অকালে তার স্ত্রীকে হারিয়েছেন। দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। ফলে তিনি তার দুটি অবুঝ শিশু সন্তানকে নিয়ে নিদারুন কষ্টের মাঝে জীবন যাপন করছেন।


এদিকে চুনকা পরিবারের কনিষ্ট সন্তান আহম্মদ আলী রেজা উজ্জল নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। মাঠের রাজনীতিতে তিনিও জনপ্রিয় একজন। তিনি একাধারে জনপ্রিয় মেয়রের ভাই এবং দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কিন্তু তার পরেও একেবারে সাদামাটা জীবনযাপন করেন। কোনো রকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে কখনোই তিনি জড়িত ছিলেন না, বরং তিনি কিছুটা আধ্যাত্বিক লাইনে হাঁটছেন বলেই তার কাছের লোকদের ধারণা। যুবলীগের এই নেতাকে কখনো কোনো সন্ত্রাস, চাঁদাবাজীর সাথে দূরতম সম্পর্ক রাখতে দেখা যায়নি।  ফলে দেখা যায় প্রয়াত জননেতা আলী আহম্মদ চুনকার সন্তানেরা এবং মেয়ে জামাতা এই শহরের গণমানুষের কল্যাণের রাজনীতিতে নিয়োজিত রয়েছেন। বর্তমান যুগে এ দেশে এমন ব্যতিক্রম রাজনীতি বিরল বলেই মনে করেন নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনসাধারণ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন