তিন বছর পর পূর্ণাঙ্গ হতে যাচ্ছে জেলা ছাত্রদলের কমিটি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:১৫ পিএম
২০১৮ সালের ৫ জুন ঘোষিত হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি। মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করে কেন্দ্র। কিন্তু জেলা কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটির খসড়া তালিকা কেন্দ্রে পৌছানো হলেও পরবর্তী প্রায় ৩ বছরের মধ্যেও জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি দেয়া হয়নি। এই অবস্থাতেই দ্বিবার্ষিক মেয়াদ হিসেবে নির্ধারিত সময় ফুড়িয়েছে। এরপরও পূর্নাঙ্গ হয়নি জেলা ছাত্রদলের কমিটি। ১২ জনের আংশিক কমিটি দিয়েই নারায়ণগঞ্জের রাজপথে এ যাবত কাজ করেছে তারা।
তবে, আংশিক কমিটির ৩ বছরের মাথায় এবার পূর্নাঙ্গ হতে চলেছে জেলা ছাত্রদলের কমিটি। ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি ১৫১ সদস্যে বৃদ্ধি করা হবে। আগামী জুন মাসের মধ্যেই আসবে পূর্নাঙ্গ কমিটির ঘোষণা। ইতিমধ্যেই আনুসাঙ্গিক প্রস্তুতি সেরেছে মাঠ পর্যায়ের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ন অবদান রাখা বিএনপির এই সহযোগি সংগঠনটি। চলছে তালিকা তৈরির কাজ। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি দেয়া হয়েছিলো। পরবর্তীতে করোনাসহ দলীয় বিভিন্ন কারণে এই কমিটি পূর্নাঙ্গ করণে বিলম্ব হয়। বর্তমানে কমিটি পূর্নাঙ্গ করার জন্য আমরা জেলা কমিটির ১২ জনকে নিয়ে গতকাল মিটিং করেছি।
সিদ্ধান্ত হয়েছে, যারা দীর্ঘদিন ছাত্রদলের ব্যানারে সক্রিয় ভূমিকায় থেকে রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলো, তাদেরকে পূর্নাঙ্গ কমিটিতে আনা হবে। পূর্নাঙ্গ কমিটি গঠনের আনুসাঙ্গিক কাজ চলছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার পরই আমরা ৩১৩ জনের একটি কমিটির তালিকা কেন্দ্রে জমা দিয়েছিলাম। সেখান থেকে অনেকেই থানা ছাত্রদলের কমিটি বা যুবদলের কমিটিতে এসেছে। তাই ওই ৩১৩ জনের মধ্য থেকে অবশিষ্ট যারা আছেন, তাদেরকে সহ এর বাইরেও যদি যোগ্যতা সম্পন্ন কোন কর্মী থাকে, তাকেও নতুন কমিটিতে আনা হবে।’ ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর তা পূর্নাঙ্গ করতে এতো দীর্ঘ সময় বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘করোনাসহ দলীয় বা সাংগঠনিক বিভিন্ন কারণে কমিটি পূর্নাঙ্গ করণে বিলম্ব হয়। বিলম্ব হলেও এবার আমরা এই কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছি। আগামী ৩১ মে থেকে ২ই জুনের মধ্যে কেন্দ্রে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রেরণ করা হবে। আশা করছি সামনের জুন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির ঘোষণা আসবে।’
সকলের সাথে সমন্বয় করে কমিটি করার জন্য জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহকে প্রধান সমন্বয়ক করে ১নং যুগ্ম সম্পাদক ইসমাঈল মামুন ও সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়াকে খসরা কমিটি করার দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান সভাপতি মশিউর রহমান রনি।জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের অংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান।
১২ সদস্যের ওই কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি আরিফুর রহমান অনিক, যুগ্ম-সম্পাদক ইসমাঈল মামুন, মাইনুল ইসলাম রশিদ, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া। এই ১২ সদস্যের কমিটি দিয়েই এযাবৎ চলছিলো জেলা ছাত্রদলের কার্যক্রম। খালি ছিলো সহ-সভাপতির আরো একাধিক পদ, ছিলো না সহ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সদ্য অন্যান্য গুরুত্বপূর্ন পদও। বিলম্ব হলেও কমিটি পূর্নাঙ্গ হলে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে বলে মনে করছেন বোদ্ধা মহল। এক্ষেত্রে যোগ্যব্যক্তিদের পূর্নাঙ্গ কমিটিতে আনার বিকল্প নেই।


