Logo
Logo
×

রাজনীতি

জাকির খানের সহযোগিরা যখন ‘ক্লিন ইমেজে’!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৮:০০ পিএম

জাকির খানের সহযোগিরা যখন ‘ক্লিন ইমেজে’!
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আসামি জাকির খানের ঘনিষ্ঠ সহযোগীরা এখন নিজেদের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে। অথচ অতীতে এরাই নারায়ণগঞ্জ শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা জাকির খানের বিশাল সম্রাজ্য পরিচালনার দায়িত্বে ছিলো।

 

জাকির খানের জন্মস্থান দেওভোগের বেশ কয়েকজন পুরনো ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নগরীর প্রতিটি অলি-গলি ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জাকির খানের ব্যাপক প্রভাব ছিলো। সেইসঙ্গে দারুণ সখ্যতা ছিলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীসহ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নাসিরউদ্দিন পিন্টুর মতো প্রথম সারির বিএনপি নেতাদের সাথে। তাই জাকির খানের ছত্রছায়াতে থেকে তার সহযোগীরা বিসিকের ঝুট-সেক্টর ও পরিবহন সেক্টরসহ শহরের বেশ কয়েকটি বিশেষ অঞ্চল নিয়ন্ত্রণ করতো। একই সাথে দাঁপিয়ে বেড়াত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায়। তবে একাধিক হত্যাকাণ্ড এবং নানান বিতর্কিত কাজের জন্য জাকির খান বর্তমানে দেশের বাহিরে অবস্থান করায়, তার ঘনিষ্ঠজনেরা এখন নিজেদের ক্লিন ইমেজ তৈরীতে ব্যস্ত।

 


এদিকে নির্ভরশীল সূত্র থেকে জানা যায়, জাকির খানের যেসকল ঘনিষ্ঠ জনেরা বর্তমানে নিজেদের ক্লিন ইমেজ তৈরিতে ব্যস্ত তাদের মধ্যে নাজির আহম্মেদ, বদিউজ্জামান বদু, আকরাম প্রধান ও পারভেজ মল্লিক অন্যতম। মূলত নব্বইয়ের পর শহরের কিং খান তকমা পাওয়া জাকির খানের চেইন অব কমান্ড হিসেবে, এরাই বেশি পরিচিত। এছাড়া এদের কেউ কেউ এখনো নারায়ণগঞ্জ শহর ও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ‘খান’ পরিবারের বিশাল সা¤্রাজ্যের দেখভাল করছে বলেও জানা গেছে।

 


এদের মধ্যে নাজির আহম্মেদ সর্বমহলে জাকির খানের সবচেয়ে কাছের লোক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে বসবাস করছেন। নাজির ২০০০ সালের আগে থেকে এখনও জাকির খানের প্রধান সহযোগী হিসেবে আছেন। তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। তবে তাকে বিএনপির রাজনীতিতে দেখা যায়না। মূলত নানান বিতর্কিত কর্মকান্ডের জন্যে তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারে না। তাই এখন নাজির আহম্মেদ নিজের ক্লিন ইমেজ তৈরীতে ব্যস্ত। বর্তমানে তিনি নিজেকে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত করেছেন বলে জানা গেছে। পৈতৃকভাবে তার তেমন সম্পত্তি না থাকলেও দীর্ঘদিন জাকির খানের সঙ্গে থেকে তিনি এখন বাড়ি, গাড়ী ও কোটি টাকার মালিক হয়েছে।

 

এদিকে, গত ৩০ মে নাজিরের জন্মদিনে তার বাসায় জাকির খানের ছেলে কারগিল খানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো। অন্যদিকে, শহরের এক সময়ের ক্যাডার হিসেবে পরিচিত বদিউজ্জামান বদুও জাকির খানের খুব কাছের লোক। সেইসঙ্গে আত্মীয়ও। জানা যায়, জাকির খানের নাম ব্যবহার করে তিনি বিভিন্নভাবে ফয়দা লুটেছেন। সর্বশেষ ২০১৮ সালের শেষের দিকে নারায়ণগঞ্জ শহরের রেলওয়ে থানকাপড়ের মার্কের চলমান উচ্ছেদ অভিযান বন্ধের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। তবে জাকির খানের ঘনিষ্ঠজন হওয়ায় কোন থানকাপড় ব্যবসায়ী তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি।

 

তবে সম্প্রিতি তিনও নিজেকে সৎ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছেন। তাই তিনি বর্তমানে রেলওয়ে মার্কেটে থানকাপড়ের ব্যবসা করছেন। এছাড়া তিনি বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি। এদিকে জাকির খানের আরেক সহযোগী পারভেজ মল্লিকও খান পরিবারের খুব ঘনিষ্ঠজন। জাকির খান দেশে অবস্থান করার সময়, পারভেজ তার নির্দেশে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড করতো বলে জানা যায়। সেইসাথে প্রকাশ্যে বেশ কয়েকবার নিজেকে জাকির খানের খাস লোক দাবি করে আলোচনায় এসেছে পারভেজ। তবে এখন পারভেজও নিজেকে পরিবর্তন করতে ব্যস্ত।

 

তাই নিজ এলাকা দেওভোগে একটি হোসিয়ারী ব্যবসা পরিচালনা করছেন তিনি। পারভেজ এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়াক আকরাম প্রধানও এক সময় জাকির খানের খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলো। জাকির খানের নির্দেশে নিয়ন্ত্রণ করতো শহরের পরিবহন সেক্টর। কিন্তু এখন আকরাম প্রধানও নিজের ক্লিন ইমেজ তৈরীতে সময় দিচ্ছেন। নগরীর দুইনং রেলগেটে তিনি নতুন থানকাপড়ের দোকান দিয়েছেন বলে জানা গেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন