ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছেন আইভী ও আনোয়ার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৭:৩১ পিএম
# ঘনিয়ে আসছে নাসিক ও জেলা পরিষদ নির্বাচন
আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং এর পরেই অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। দুটি নির্বাচনই ঘনিয়ে আসায় সিটি করপোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য ও নীরব ষড়যন্ত্র। মেয়র আইভীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে একেবারে প্রকাশ্যে। আর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কিছুটা গোপনে।
তবে সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন দুইজনেই এই সকল ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের ভেতর থেকে এই দুইজনের বিকল্প কোনো প্রার্থী প্রকাশ্যে আসেননি। কারন গত নির্বাচনে এই দুইজনকে মনোনয়ন দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। তাই এখনো কেউ আওয়াজ দিয়ে মাঠে নামতে সাহস পাচ্ছেন না। তবে এরই মাঝে সিটি করপোরেশনে এডভোকেট খোকন সাহা এবং জেলা পরিষদে চন্দনশীলের নাম আলোচনায় এসেছে। তারা দুইজনেই দুটি প্রতিষ্ঠানে মনোনয়ন পেতে গোপনে চেষ্ঠা তৎবির শুরু করেছেন বলে জানা গেছে। তাদের পেছনে রয়েছেন দুই ওসমান এমপি।
তবে মেয়র আইভী এবং আলহাজ¦ আনোয়ার হোসেনের পরিস্কার বক্তব্য হলো প্রধানমন্ত্রী নিজে তাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাই আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীই মনোনয়ন দেবেন। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে তারা নির্বাচন করবেন আর না দিলে করবেন না। তবে প্রধানমন্ত্রী তাদেরকে মনোনয়ন না দেয়ার কোনো কারন নেই বলেই মনে করেন তাদের কর্মী সমর্থকরা এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। কেনোনা মেয়র আইভী ও জেলা পরিষদের চেয়ারম্যান দুইজনেই সন্ত্রাস বিরোধী জনবান্ধব নেতা। তাদের কোনো সন্ত্রাসী বাহিনী নেই।
তারা রাজনীতি করেন মানুষের কল্যাণে। কোনো রকম হুমকি ধমকির রাজনীতিতে তারা বিশ্বাস করেন না। তারা যার যার অবস্থানে থেকে সাধ্য মতো এলাকার উন্নয়ন করে চলেছেন। মেয়র আইভী বিগত সতোরো বছরে একেবারে নারায়ণগঞ্জের চেহারা বদলে দিয়েছেন। আনোয়ার হোসেনও তার সাধ্যমতো উন্নয়ন করে চলেছেন। তাই এই শহরে যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দেন তাদের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য হলেন তারা দুইজন। তাই প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়ে আবারও এই দুইজনকেই দুটি প্রতিষ্ঠানের মনোনয়ন দেবেন বলে ধারণা করছেন নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ। ফলে এই ক্ষেত্রে কারো কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না বলে মনে করেন তারা।


