Logo
Logo
×

রাজনীতি

আইভী কি পারবেন হ্যাটট্রিক করতে?

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৮:২৮ পিএম

আইভী কি পারবেন হ্যাটট্রিক করতে?
Swapno

# ঈশান কোণে এক খণ্ড কালো মেঘ

 

ঋতুপরিক্রমায় বর্ষা, শরৎ ও হেমন্ত শেষে গুটি গুটি পায়ে যেমন শীতকাল আসে তেমনি চার বছর শেষে সময় যতই পাঁচ বছর মেয়াদপূর্তির দিকে এগিয়ে চলে ততই এগিয়ে আসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় পত্র-পত্রিকা নির্বাচন কমিশনের বরাতে জানিয়েছে, এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই তৃতীয় নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ নির্বাচনে অংশ নিতে পাত্রপাত্রী সবাই প্রস্তুত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে. বর্তমান মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৯ জন মহিলা কাউন্সিলর সহ নগর পরিষদের ৩৭ জন সদস্যই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত। কর্মীবাহিনী ও শিবির গুছানোর পর ইতোমধ্যেই অনেকে গা-গরম কর্মসূচী শুরু করে দিয়েছেন।


বিগত দুটি নির্বাচনেই মেয়র পদ নিয়ে একটি চৌম্বক আকর্ষণ সৃষ্টি করেছিলেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এবার নির্বাচন করা নিয়ে তিনি ইতিমধ্যে বলেছেন, মেয়রগিরি অনেক হয়েছে, আর নির্বাচন করার খায়েশ নেই। তবে দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। একবার দলের বাইরে গিয়ে নির্বাচন করেছেন. এ কাজটি তিনি বার বার করতে চান না। তাই দলীয় মনোনয়ন না পেলে প্রার্থী হবেন না।


রাজনৈতিক ও সুধী মহলের মতে, একমাত্র শামীম ওসমান ছাড়া এ জেলায় আইভীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনে লড়তে পারে এমন লোক নেই। সেই শামীম ওসমানও ২০১১ সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেচড় খাওয়ার পর আইভীর পথ মাড়ানোতে ক্ষান্তি দিয়েছেন। তবে অতীত পরাজয়ের জ্বালা যে শামীম ওসমান ভুলতে পারেননি তা তার কর্মকান্ডেই বুঝা যায়।। বিগত এক বছরে শামীম ওসমান ও তার কর্মী বাহিনীর আইভী বিরোধী তৎপরতা খেয়াল করলেই এর প্রমাণ মেলে।

 

আইভী ও তার পরিবারের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি গ্রাস, শহরের দুটি মসজিদের সম্পত্তি গ্রাস ও শামীম ওসমানের পিতা শামসুজ্জোহা ও বড় ভাই নাসিম ওসমানের জান্নাত গমন রুখতে ষড়যন্ত্রমুলক ভাবে এ দুজনের কবরে সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে শ্মশানের ছাই-ভস্ম ফেলার অভিযোগে শহরে একাধিক শোডাউন হয়েছে। হিন্দুসম্প্রদায় নিয়ে জিউসপুকুর গ্রাসের সমাবেশে শামীম সহযোগী এড. খোকন সাহা ও চন্দন শীল হিন্দু সম্প্রদায়কে আগামীর নির্বাচনে আইভীকে ভোট না দেয়ার অনুরোধ জানিয়েছেন।

 

বাগে জান্নাত ও ডিআইটি জামে মসজিদের জায়গা দখলের অভিযোগে আয়োজিত সমাবেশে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্ট হেফাজত নেতারা মেয়র আইভীর চরম সমালোচনা করেছেন। আইভী মাথায় সিঁদুর ও হাতে শাখা পরে হিন্দু মন্দিরে যান এবং নানা  বেদাতি কর্মকাণ্ড করে বেড়ান বলে সেখানে অভিযোগ করা হয় এবং প্রকৃত মুসলমানের আইভীকে সমর্থন দান গুনাহ বলে ফতোয়া দেন। সবশেষে আসে সামসুজ্জোহা ও নাসিম ওসমানের জান্নাত গমন রুদ্ধ করতে তাদের কবরে শ্মশানের লাশ দাহ শেষের ছাই-ভস্ম ফেলার অভিযোগ। নগরবাসী মনে করে, এসব অভিযোগে আগামী নির্বাচনে আইভীর বিরুদ্ধে শহরে অস্থিরাবস্থার সৃষ্টি করা হতে পারে।


রাজনৈতিক ও সুধীমহল মনে করে, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এসব ইস্যু তুলে আইভীর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হবে। তবে জনমনে জিজ্ঞাসা, যেখানে আইভীর সঙ্গে পাল্লা দেয়ার প্রার্থী দেখা যাচ্ছে না সেখানে এসব অপপ্রচার চালিয়ে নাসিকে আইভীর হ্যাটট্রিক বিজয় কি বন্ধ করা যাবে। কারণ সর্বমহল মনে করে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আইভীর চেয়ে যোগ্য কেউ নেই।


চৈত্র-বৈশাখ মাসে পদ্মা-মেঘনা-যমুনার দুঃসাহসী মাঝিরাও ঈশান কোনে একখন্ড কালোমেঘ দেখলে পাড়ি ধরে না। কারণ, কয়েক মিনিটের মধ্যেই চরাচর অন্ধকার করে শুরু হয় কাল বোশেখী। নদীর পানি ফুলে উঠে শুরু হয় ধ্বংসযজ্ঞ। তবে এমন মাঝিও আছে যে প্রয়োজনে বদর বদর হাক দিয়ে পাড়ি ধরে। নারায়ণগঞ্জের মানুষ মনে করে নির্বাচনি সংগ্রামে আইভী তেমনই দুঃসাহসী মাঝি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন