ইচ্ছা আছে তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৭:২৬ পিএম
# গত নির্বাচনে প্রার্থী ছিলাম, গত ৫ বছরেরও প্রস্তুতি আছে : এড. সাখাওয়াত
# সিটি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আমার কোন আগ্রহ নেই : মুুকুল
# নির্বাচনে অংশগ্রহণ করলে আমি সবসময়ই প্রস্তুত আছি : এড. টিপু
স্থানীয় নির্বাচনে হারের গ্লানি বেড়ে যাওয়ায় নানা প্রশ্ন তুলে বর্তমান সরকারের অধীন সকল নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের পিতার কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি নাসিক নির্বাচনে অংশগ্রহণের নাকচ না করে সিদ্ধান্ত নেয়া হয়নি বলায় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখন আশার আলো দেখছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে স্থানীয় অনেক বিএনপি নেতার আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে চাননা বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।
এব্যাপারে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ‘সবসময়ই বলে আসছি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত নেব না। দল এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কোন নির্দেশনা দেয়নি। আমি গত নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিটির ২৭টি ওয়ার্ডে কাজ করেছি। নির্বাচনের পরও গত ৫ বছর যাবৎ আন্দোলন, সংগ্রাম, নির্যাতনের পাশাপাশিও তৃণমূল নেতাকর্মীদের সাথে সবসময় ছিলাম এবং আছি। তৃণমূল কর্মীদের সাথে আমার আত্মার সম্পর্ক। দল যদি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সকল ধরণের প্রস্তুতি আমার আছে। তবে এটি নির্ভর করবে সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের উপর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোন কাজ করবো না।’
তবে সিটি নির্বাচনে কোন ধরণের প্রস্তুতি নেই বলে জানিয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। তিনি যুগের চিন্তাকে জানান, সিটি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। একই সাথে প্রস্তুতিও নেই।’
তবে সিটি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক আগ্রহ রয়েছে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপুর। তিনি যুগের চিন্তাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। দলের সুখে দুখে সবসময়ই সাথে আছি। দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে যাবে না। তাই আমরাও এই সিদ্ধান্তে অটল আছি। তবে দল যদি সিদ্ধান্ত নেয় নির্বাচনে যাবে, তবে আমাদের সকল ধরণের প্রস্তুতি নেয়া আছে। বিএনপির সিনিয়র নেতারা যদি মনে করেন, তারা নির্বাচনে প্রার্থী হবেন না, তবে আমি প্রার্থী হতে প্রস্তুত আছি। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি গত কযেক বছর যাবৎ। গত সিটি নির্বাচনেও আমি তৃণমূলে গিয়ে ব্যাপক কাজ করেছি। ছাত্রদলের সভাপতি হিসেবেও আমি তৃণমূলে কাজ করেছি। দল যদি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং আমাকে প্রস্তুতি নিতে বলে আমি অবশ্যই প্রস্তুত আছি।’


