দলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলেই, প্রধানমন্ত্রীর বহিষ্কারের নির্দেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১১:২৪ পিএম
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনে আওয়ামী লীগের অনেক কর্মী বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দল অচিরেই অ্যাকশন নিতে যাচ্ছেন।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, এই নির্বাচনে অনেক ভুলভ্রান্তি আছে। আমাদের আওয়ামী লীগের অনেক কর্মী বিদ্রোহী প্রার্থীর সঙ্গে যোগ দিয়েছেন। এতে আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ এসেছে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করতে হবে। দাঁড়াবেন তারা টাকা নিয়ে দাঁড়াবেন। তাদের পক্ষে আমাদের কর্মীরা চলে যাবে। পার্টি নিঃশেষ হয়ে যাবে। সুতরাং যারা বিদ্রোহীদের পক্ষে থাকবে তাদের বহিষ্কার করতে হবে।
পাটমন্ত্রী বলেন, জেলা আওয়ামী লীগের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে জেলা আওয়ামী লীগের মূল্যায়ন থাকবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বলেছি আপনারা যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আমাদের আর ডাকবেন না। সিদ্ধান্তহীনতায় ভোগেন। সুতরাং যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিতে হবে। তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকবো। তারা বলেছেন আমরা অ্যাকশনে যাবো।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের পরিচালনায় সভায় আওয়ামী লীগের জেলা কার্যকরী কমিটির ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।


