নমিনেশনকে কিছু মধ্যস্বত্বভোগী পেশা হিসেবে নিয়েছে: সেলিম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০২:৪০ এএম
নারায়ণগঞ্জের-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, ‘এই মার্কার বিষয়টার কারণে কিন্তু নির্বাচনে হট্টগোল-মারামারি, প্রতিযোগিতা এগুলো হচ্ছে।
নির্বাচনের আগেই দেখা যায় চেয়ারম্যানরা একটা বিশাল খারাপ অবস্থায় পড়ে যায় নমিনেশন ভিক্ষা চাওয়ার জন্যে। যাতে করে কিছু মধ্যস্বত্বভোগী কিছু ব্যক্তি এটাকে একটা পেশা বা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তাতে দেখা যায় এলাকায় গন্ডগোল লাগে। আপনাদের কাছে আবেদন, আগামী নির্বাচন যাতে দলীয় প্রতীকে না হয়।
যার যার প্রতীকে যেন হয় তাহলে এলাকার মানুষ শান্তি পাবে এবং ভালো মানুষ নির্বাচনে আসবে।’ শুক্রবার (১২ নভেম্বর) রাতে তার সংসদীয় এলাকায় নবনির্বাচিত ৫টি ইউনিয়নের মেম্বারদের সাথে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সেলিম ওসমান আরও বলেন, ‘অতীত আমরা ভুলে যাবো। ১১ তারিখে কী হয়েছে তা আমরা ভুলে যাবো। কালকের সুবাহ সাদিক থেকে কারো সাথে কারো ঝগড়া থাকবে না।
যারা নির্বাচনে জিতে গেছেন তাদের দায়িত্ব হবে যারা হেরে গেছেন তাদের সাথে মিল করে এলাকার উন্নয়ন করা। সম্মিলিতভাবে যদি কাজ হয় তাহলে আগামী কিছুদিনের মধ্যে করোনাকালীন সময়ে যে ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো।’ সাংসদ আরও বলেন, ‘আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে নিয়ে বন্দরে যেসব এলাকায় ভুল বোঝাবুঝি হয়েছে, মারামারি হয়েছে বিশেষ করে আমাদের একটি এলাকায় ডিবি পুলিশের উপর হামলা হয়েছে কোনো ভুল বুঝাবুুঝির কারণে সেটাকে সুষ্ঠু তদন্ত করতে হবে।
আমরা গন্ধ পাচ্ছি সেখানে কিছু সন্ত্রাসী বসবাস করে। সন্ত্রাসী যদি বসবাস না করে তাহলে সেখানে বোমা পড়তো না গোলাগুলি হতো না। সুতরাং সন্ত্রাসীদের যাতে সঠিক বিচার হয় সেজন্য এলাকার মানুষ সন্ত্রাসীদের শনাক্ত করবে।’


