Logo
Logo
×

রাজনীতি

খেলা এখনো শেষ হয়নি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

খেলা এখনো শেষ হয়নি
Swapno

# শেষ পর্যন্ত আইভীর নাম কি কেন্দ্রে যাবে
# সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আইভী
# আইভীর পরে খোকনসাহা, চন্দন শীল ও  ভিপি বাদলের মনোনয়ন ফরম সংগ্রহ
# উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইভীর বিকল্প নেই : এড.আসাদুজ্জামান


এ সপ্তাহেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। আগামী পরশু (৩ ডিসেম্বর) নাসিক মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড। গতকাল (রোববার) থেকে ঢাকায় আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রিও শুরু হয়ে গেছে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বক্রি হবে। ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। একই সঙ্গে নাসিক মেয়র পদেও নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে নাসিক মেয়র পদে তৃণমূল থেকে কেন্দ্রে এখনো কোন নাম পাঠানো হয়নি।
এ ব্যাপারে আলাপকালে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন, তৃণমূল থেকে কোন তালিকা পাঠানোর নির্দেশনা এখনো আসেনি। নির্দেশনা এলে কেন্দ্রে তালিকা পাঠানো হবে। তবে সে তালিকা আসবে মহানগর আওয়ামী লীগ থেকে। মনোনয়ন বোর্ডের সভা প্রসঙ্গে তিনি বলেন, ৩ ডিসেম্বর সে সভা হতে পারে, তবে সে সভায় ণাসিক নির্বাচনের মেয়রের নাম ঘোষণা করা হবে কিনা তা তার জানা নেই।


এদিকে রাজনৈতিক মহলের মতে, যেহেতু মহানগর কমিটি সভাপতি এড. খোকন সাহা এবং তিনি আবার এমপি শামীম ওসমানের অন্তরঙ্গ বন্ধু ও বশংবদ রাজনৈতিক সহচর, তাই খেলা এখনো শেষ হয়নি। কারণ, বিগত ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনের প্রাক্কালে মনোনয়নের জন্য আবদুর রশিদ, মজিবর রহমান, হাজী ইয়াসিন মিয়া ও আনোয়ার হোসেনসহ হাফ ডজন নেতার নাম কেন্দ্রে পাঠানো হলেও তখন আইভীর নাম কেন্দ্রে পাঠানো হয়নি। তখনও খোকন সাহাই ছিল মহানগর সেক্রেটারী। এবারও আইভীকে মনোনয়ন বঞ্চিত করার মিশন নিয়েই মাঠে নেমেছেন খোকন সাহা। এক বছর ধরেই তিনি আইভীর ভাবমূর্তি বিনষ্টে মাঠে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তাই অভিজ্ঞ মহলের ধারণা, খেলা আরও রয়ে গেছে। আমাদের আরো অপেক্ষা করতে হবে।


এদিকে আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে ২৮ নভেম্বর (রোববার) থেকে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি হবে ১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত। আওয়ামী লীগের দলের পক্ষ হতে এই প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এরই মধ্যে আওয়ামী লীগের নৌকার কান্ডারী হয়ে নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম কিনেছেন চারজন। তারা হলেন, নাসিকের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। তবে নৌকার কান্ডারি কে হচ্ছেন তা আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের এক সভায় নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। তাই আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী কে হচ্ছে তা জানার জন্য মনোনয়ন বোর্ডের সেই সভার পর্যন্ত অপেক্ষা করতে হবে।


সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। একইদিনে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ণপত্র সংগ্রহ করেন ভিপি বাদল। আগের দিন রোববার বাবু চন্দন শীলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে অরিজিৎ শীল।

 

 অন্যদিকে খোকন সাহার পক্ষে মনোনয়নপ্রত্রের ফরম সংগ্রহ করেন তার রাজনৈতিক সচিব সুজিত সরকার। এর মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভাটি সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর বিগত দুইটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন এবারের আওয়ামী লীগের মেয়রের পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে যেকোন দিনই হতে পারে নির্বাচন। তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের হেভী ওয়েট নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর সহধর্মিনী সালমা ওসমান লিপির মেয়র পদে নির্বাচনের বিষয়ে ব্যাপক জল্পনা কল্পনা শোনা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার পক্ষ থেকে কোন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

এব্যাপারে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পিপি এড.আসাদুজ্জামান আসাদ যুগের চিন্তাকে বলেন, যারাই আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে সবাই ত্যাগী কর্মী। কিন্তু আগামীতে সিটি করপোরেশনের বর্তমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখতে মেয়র আইভীর বিকল্প নেই। আইভী পুরো সিটি এলাকাকে মনের মাধুরী দিয়ে সাজিয়েছে। আমার মতো দেশের মানুষও এটি প্রত্যক্ষ করেছে, এটি অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খুব ভালোভাবে জানেন। নগরবাসীও চায়, আবারও আইভীই সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হোক।
 
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২২ ডিসেম্বর সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি নাসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত নির্বাচিত করপোরেশনের মেয়াদকাল বজায় থাকে। আর এই মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করতে হয়। সে হিসেবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটির পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। তার আগের ১৮০ দিন অর্থাৎ চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন