# ষড়যন্ত্রকারী ও নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিবেন সভানেত্রী : এড. আসাদুজ্জামান
# আইভী একজন সফল মেয়র, একজন সৎ ও সাহসী একজন মানুষ : এড. দীপু
# সবাই চায় আইভীর মতো শান্তির দূত, সাহসী নারী নেতৃত্বে থাকুক : আদিনাথ বসু
# ইতিবাচক রাজনীতির জন্যই আইভীকে মেয়র হিসেবে দরকার : আবু সুফিয়ান
বিএনপি নির্বাচনের না আসায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্পটলাইট শুধু আওয়ামী লীগের উপর। গত ১৮ বছর ধরে নারায়ণগঞ্জ পৌরসভা ও দুই দফা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সামনের সিটি নির্বাচনেও নগরবাসীর কাঙ্খিত উন্নয়নের জন্য তার উপরই আস্থা রাখতে চায় নগরাবাসী। সবজায়গাতেই শুধু আইভীরই জয়জয়কার। তবে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এবং সহ-সভাপতি বাবু চন্দনশীল। আইভীসহ আওয়ামী লীগের বাকি মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। বিশেষ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি'র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী চূড়ান্ত হবার কথা ছিল। তবে শেষ অবধি সেটি হয়নি। অপেক্ষার প্রহর বাড়লো। এই সভাকে ঘিরে নারায়ণগঞ্জে ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর ও জেলা আওযামী লীগের নেতাকর্মীরা সন্ধ্যায় জড়ো হতে শুরু করেন। সবার নজর তখন ঢাকায় যৌথসভার দিকে। নাম ঘোষণার সাথে সাথে বিজয় মিছিলের প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছে একটি সূত্র ।
সূত্র জানায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মো. শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অর্ধশত নেতা উপস্থিত ছিলেন। তাদেরকে ঘিরে আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হতে শুরু করেন শত শত নেতাকর্মী। তারা অপেক্ষায় থাকেন যৌথ সভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেব কার নাম ঘোষণা করা হতে পারে। কিন্তু শেষ অবধি যৌথ সভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কারো নাম ঘোষণা কর হয়নি।
এদিকে সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সবার উপরেই রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. আসাদুজ্জামান যুগের চিন্তাকে বলেন, ‘সকল অপবাধ ও সকল ষড়যন্ত্রকারী ও নিন্দুকদের মুখে ছাই দিয়ে জননেত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জের মানুুষের আশা-আকাঙ্খার প্রতীক ডা. সেলিনা হায়াৎ আইভীকেই নৌকা প্রতীক দিবে বলে আমরা নারায়ণগঞ্জবাসী আশা করি।’
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু যুগের চিন্তাকে বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীদের দাবি এবং নারায়ণগঞ্জের মানুষের দাবি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আবার ডা. সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিবেন এবং আইভী আবারো বিপুল ভোটে বিজয়ী হবেন। কেননা, আইভী একজন সফল মেয়র, একজন সৎ ও সাহসী একজন মানুষ। তাছাড়া আইভী আওয়ামী লীগের একজন নিবেদিন প্রাণ কর্মী।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু যুগের চিন্তাকে বলেন, ‘নারায়ণগঞ্জের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই বোঝেন। তিনি বুঝেন বিধায়ই আমরা শতভাগ আশান্বিত ও প্রত্যাশিত হিসেবেই আমরা মেয়র আইভীকেই আবার পুনরায় আওয়ামী লীগের প্রার্থী নৌকার মাঝি হিসেবে পাচ্ছি। সারাদেশবাসী চায় মেয়র আইভীর মতো একজন শক্তি, শান্তির দূত, উন্নয়নের রূপকার সাহসী নারী নেতৃত্বে থাকুক। সবমিলিয়ে ও অতীত কর্মকাণ্ড, উন্নয়ন নিষ্ঠায় আইভীর মতো বিকল্প কাউকে নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যাবেনা। আমরা সবাই শতভাগ আশান্বিত আইভীকেই আমরা নৌকার মাঝি হিসেবে পাবো।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান যুগের চিন্তাকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নারায়ণগঞ্জে তৃণমূল ও সাধারণ মানুষের স্পন্দন ও আওয়াজ বুঝতে পারেন, জানেন। সেই আওয়াজ একটাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নৌকার মাঝি হিসেবে সবাই ডা. সেলিনা হায়াৎ আইভীকেই চায়। ডা. সেলিনা হায়াৎ আইভী বিগতদিনে যেভাবে নৌকা পেয়ে সিটি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং আওয়ামী লীগের ইতিবাচক রাজনীতির মাধ্যমে উন্নয়নের ধারাও যেভাবে অব্যাহত রেখেছেন সাথে সাথে দলকেও সমৃদ্ধ করেছেন তার নেতৃত্বের মাধ্যমে। ইতিবাচক রাজনীতির জন্যই আমরা নারায়ণগঞ্জে আবারো ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় মেয়র হিসেবে চাই। এতে নারায়ণগঞ্জবাসী ও আওয়ামী লীগও উপকৃত হবে বলে আমরা আশা করি।’
এদিকে সূত্র জানিয়েছে, কে হচ্ছেন নারায়ণগঞ্জে নৌকার মাঝি সেটি জানতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবেনা নারায়ণগঞ্জবাসীকে। শুক্রবারও একটি সভা রয়েছে আওয়ামী লীগের। আজ বিকেলের সভাতেও ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের নৌকার মাঝি কে হচ্ছেন?


