ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত এবং নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪০ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজ (৩ ডিসেম্বর) সকাল ৯টায় আইএবি কার্যালয়ে আসন্ন নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী কর্মশালায় আসন্ন নাসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী। সভাপতিত্ব করেন, নির্বাচন পরিচালানা কমিটির আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খানসহ ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
কর্মশালায় দেলোয়ার হোসাইন সাকী বলেন, ‘নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের জন্য এক উর্বর ভূমি। চরমোনাই পীর সাহেব হুজুর এবং তার দলের প্রতি জনসাধারণের ভক্তি ও আস্থা তৈরি হয়েছে। মানুষ এখন তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দেখতে চায়।’
আহবায়ক মাও. দ্বীন ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সামনের নির্বাচনে কঠোর পরিশ্রম করতে হবে। কোন ঝড়-ঝাপটা ইসলামী আন্দোলনের কর্মীদের গতিরুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে আধুনিক কল্যাণ সিটি বিনির্মাণের উদ্দেশ্যে জনগণের দ্বারে দ্বারে যাব। জনগণ আমাদের সমর্থন দিবে বলে আমরা দৃঢ় আশাবাদী।
কর্মশালায় আসন্ন নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি মাসুম বিল্লাহকে প্রধান অতিথি আসন্ন নাসিক কে চূড়ান্ত ঘোষণা দেন। পাশাপাশি সকলকে নির্বাচনের শেষ অবধি পর্যন্ত মাঠে থাকার জন্য দৃপ্ত শপথ পাঠ করান।


