সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা সফল হব : মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৩ পিএম
গতকাল সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক সভায় নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে ফুলের নৌকা তুলে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবি- মেহেদী হাসান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ মোটা মোটা অভিযোগের চিঠি বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আমি সবসময় নিশ্চুপ ছিলাম। কখনও কোনো নেতার বিরুদ্ধে গিয়ে দলীয় ফোরামে অভিযোগ আমি করিনি। এইটা আমার নীতিতে নাই। আমি মনে করি আমার মাটি যদি ঠিক থাকে, আমার এলাকার লোকজন যদি ঠিক থাকে তাহলে আমার কোনো কিছু করতে হবে না। এই কারণে আমি ধৈর্য ধরেছি। এবং ধৈর্য্যরে ফলাফল নেত্রী আমাকে দিয়েছেন।’
গতকাল সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক সভায় তিনি এই কথা বলেন। ওই সভায় নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামার ঘোষণা দেয় মহানগর আওয়ামী লীগ। মেয়র আইভী বলেন, ‘এই নারায়ণগঞ্জ শহরে যদি বড় বড় প্রকল্পগুলো না করতাম তাহলে আপনারাই বলতেন, মেয়র কোনো কাজ করতে পারে নাই। এত বিরোধীতার পরেও, গত এক-দেড় বছর যাবৎ আমার বিরুদ্ধে প্রচুর পরিমাণ প্রপাগান্ডা চালানো হয়েছে। আমি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি বলে প্রধানমন্ত্রীর মডেল মসজিদ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।’ বিরুদ্ধে অবস্থান করা সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসেন একসাথে মিলেমিশে শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করি।
যারা মনোনয়ন পান নাই তাদেরও একই আহ্বান জানাবো। যারা মনোনয়ন চেয়েছিলেন সেই তিনজনের সাথেই ২০০৩ থেকে আমার সুসম্পর্ক ছিল। ২০০৯ সালে গিয়ে তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু যতটুকু নেওয়ার ততটুকু আপনারা তিনজনই আমার কাছ থেকে নিয়েছেন। আপনারা সেই সময়ের কথাগুলো ভুলে যাইয়েন না। ভয়ে এই আওয়ামী লীগ অফিসেও আসতে চাইতেন না। আইভী আসলে আপনারা আসতেন। কৃষকলীগের নির্বাচনের কথাও ভুইলেন না, কোনোকিছুই ভুইলেন না। যা করেছেন তা কারও নির্দেশে করেছেন। সেই কারও নির্দেশ না মেনে প্রধানমন্ত্রীর নির্দেশ মানুন। আসুন দলকে শক্তিশালী করে মানুষের কল্যাণে কাজ করি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এখনই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা সফল হবো। আপনাদের সহযোগিতা চাই। নারায়ণগঞ্জের মানুষের পাশে সবসময় থাকবো। আমরা প্রচার-প্রচারণা শুরু করবো শীঘ্রই। আমরা নেত্রীকে বিজয় উপহার দেবো।’
আইভী বলেন, ‘যত কিছুই হোক না কেন নেত্রী নারায়ণগঞ্জ সম্পর্কে অবগত। বড় দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। মনোনয়ন চাওয়া দোষের কিছু না। তবে দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই থাকা উচিত। আমি মনোনয়ন পাবার আগে সবসময় বলেছি, প্রধানমন্ত্রী যাকে নৌকা দেন তার পক্ষে কাজ করবো। আমাকে না দিলেও আমি বিপক্ষে অবস্থান নিতাম না।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, নুরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. মো. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক হাবীব আল মুজাহিদ পলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, উপদপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসাইন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।


