সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে স্থানীয়দের নেতাদের একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শীঘ্রই কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দলও নারায়ণগঞ্জে আইভীর পক্ষে প্রচারণায় আসবেন। স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকও করবেন তারা। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় প্রার্থী আইভীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেওয়ার সময় এই মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সময় উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রাপ্তির ফরম তুলে দিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় অন্যান্য নেতাদের উপস্থিতিতে এই ফরম তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ, বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ধানমন্ডিতে যান নৌকার প্রার্থী ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বসু, অ্যাড. মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসহাক, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, ইউসুফ ভূঁইয়া ননী প্রমুখ। এই সময় স্থানীয় নেতাদের সাথে সিটি নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা। স্থানীয় সকল নেতাকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
আলোচনায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির বলেন, আনুষ্ঠানিকভাবে আইভীর হাতে নৌকার মনোনয়ন ফরম তুলে দিয়েছেন দলের সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা। মেয়র পদে আবারও তার বিজয় কামনা করেন তারা। একই সাথে স্থানীয় নেতাদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের এই সহসভাপতি আরও জানান, সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতে কেন্দ্রীয়ভাবে একটি টিম গঠন করা হবে। ওই টিমের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জেও আসবেন। স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করে কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন তারা। স্থানীয় আরও তিন নেতা আইভীর পাশাপাশি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মহানগর ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে দু’টি সভা করলেও মনোনয়ন প্রত্যাশী ওই তিন নেতার উপস্থিতি ছিল না।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী অন্য নেতারও এখন পর্যন্ত নৌকার প্রার্থী আইভীর পক্ষে নির্বাচনী মাঠে নামেননি। এই বিষয়েও কেন্দ্রে তথ্য রয়েছে। কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে কথাও বলেন। তারা এ নিয়ে স্থানীয় সেসব নেতাদের সাথে আলাপ করবেন। কেন্দ্রীয় নেতারা বলেছেন, আইভীকে নৌকা দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সকলকেই নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের সভায় ডা. আইভীকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। গতবারের মতো এবারও নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন আইভী। ২০০৩ সাল থেকে এক মেয়াদে পৌর চেয়ারম্যান ও টানা দুই মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। এবার মেয়র নির্বাচিত হলে টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে নির্বাচিত হবেন ডা. আইভী।


