আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈমুরের সঙ্গে!
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে স্বতন্ত্র আরেক মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি এড. তৈমুর আলম খন্দকার দাবি করেছেন তাঁর সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাকর্মীরা আছেন।
যদিও নারায়ণগঞ্জের নির্বাচনী হাওয়ায় চাউর রয়েছে আইভী বিরোধী ক্ষমতাসীন দলের একটি অংশের সমর্থনে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। তাঁর এই ঘোষণায় সেই গুঞ্জনের সত্যতা মিলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক মহল। তবে আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা তাঁর সাথে আছেন তা তিনি প্রকাশ করেননি। তিনি বলেছেন যখন নির্বাচনী বার্তা দেওয়া শুরু হবে তখনই দেখা যাবে তাঁর সাথে রাজপথে কারা আছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বাদ জোহর চাষাড়ায় নূর মসজিদের সামনে গণমাধ্যম কর্মীদের কাছ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এড. তৈমুর আলম খন্দকার বলেন, আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দলের ও জনগণের প্রতিনিধি। তাদের চাহিদার কারণে আমি নির্বাচনে নেমেছি। আমার সাথে বিএনপি, আওয়ামী লীগসহ সকল দলের নেতাকর্মীরা আছে। যখন নির্বাচনী বার্তা দেওয়া শুরু হবে তখনই দেখতে পারবেন আমার সাথে রাজপথে কারা আছে।
তিনি বলেন, নির্বাচনের সময় সরকারী আমলারা সব সময় সরকারের প্রার্থীর পক্ষে থাকেন। নৌকার প্রার্থী অনেক জায়গায় তার আচরণবিধি ভঙ্গ করেছেন। গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ২০ হাজার নেতা-কর্মীদের নিয়ে উদযাপন করেত চেয়েছিলাম কিন্তু নির্বাচন অফিস থেকে আমাকে বলা হলো আপনি গেলে আপনার আচরণ বিধি ভঙ্গ হবে। তাদের কথার সম্মান জানিয়ে আমি মিছিলে যাই নাই। কিন্তু পরে আমি নির্বাচন অফিসার মতিয়ুর রহমানকে ফোন দিয়ে বললাম নৌকার প্রার্থী বিজয় দিবসে মিছিল করেছেন. আচরণবিধি ভঙ্গ করছেন এখন আপনার ব্যবস্থা নেন। তিনি আমাকে বললেন বিষয়টি দেখে আপনাকে পরে জানাবো। কিন্তু পরে তিনি আমাকে কিছুই জানান নাই।
তিনি আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই নাসিক নির্বাচন হচ্ছে জনগণ বনাম সরকারি মার্কা। যদি এখানে কেউ নুন্যতম কারসাজি করে হোক সে প্রশাসন বা যেকোন প্রার্থী তাহলে এর পরিণাম ভালো হবে না। আমার পক্ষ থেকে আমি বা আমার নেতাকর্মীদের কেউই আচরণবিধি লঙ্ঘন করবে না এই কথা আমি দিলাম। তবে সরকারের প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে আর নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এ বিষয়ে তাদের অবশ্যই কৈফিয়ত দিতে হবে। নাগরিক ঐক্যের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এটির সত্যতা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জের যে যুব সমাজ ও রাজনৈতিক যে সমাজ রয়েছে তারা এ বিষয়ে চিন্তাভাবনা করছেন।
তারা ভালো মনে করে যেটি সিদ্ধান্ত নিবে আমাকে সেই ব্যানারেই নির্বাচন করতে হবে। এখনও সিদ্ধান্ত হয়নি তবে সর্বস্তরে আলোচনা হচ্ছে।


