আইভীকে নির্বাচিত করাই দলীয় লক্ষ্য : নানক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সোমবার (২০ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা হয়। আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে অনুষ্ঠিত এক সভা।
অ্যাড. তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দেখলাম একজন নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করছেন। আসলে তিনি বিএনপি-জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি কমিটি করে দিয়েছেন। যারা নির্বাচন পরিচালনা করবে এই কমিটি তাদের সহায়তা করবে।’
নানক বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য। আমি দেখেছি, অনেকেই প্রার্থী হয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে নির্বাচিত করাই আমাদের একমাত্র দলীয় আদর্শ ও লক্ষ্য। মনে রাখতে হবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে, তা হবে পার্টির সমালোচনা কিন্তু পাবলিকলি তা আলোচনায় আসতে পারবে না। দল দায়িত্ব¡শীল ব্যক্তির কাছ থেকে অদায়িত্বশীল কথাবার্তা পছন্দ করে না।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপিসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমূখ।


