নৌকাকে জয়ী করতে যুবলীগ ঐক্যবদ্ধ: সাজনু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাষাঢ়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে যুবলীগের এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বক্তব্য রাখেন। সাজনু বলেন, জননেত্রী শেখ হাসিনা আইভীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। সেই নৌকাকে সিটি নির্বাচনে আমরা বিজয়ী করে নেত্রীকে উপহার দিবো। বিভিন্ন আন্তর্জাতিক চক্রসহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে আমরা নিখিল ভাই ও পরশ ভাইয়ের মুখ উজ্জ্বল করবো।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল, সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।


