Logo
Logo
×

রাজনীতি

সিটি করপোরেশনে কোন হয়রানি নেই, তৈমূর বিভ্রান্তি ছড়াচ্ছে : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

সিটি করপোরেশনে কোন হয়রানি নেই, তৈমূর বিভ্রান্তি ছড়াচ্ছে : আইভী

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঠানটুলী এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কোন ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোন হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো ৫ বছরে মানুষ এটার কথা বলতো। এসব বলে মানুষকে বোকা বানানো যাবেনা। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে, কারো কষ্ট হচ্ছেনা। হঠাৎ উনি (তৈমুর) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।

 

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঠানটুলী এলাকায় নির্বচনী প্রচারণায় আসলে সাংবাদিকরা ট্যাক্স বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রথম দিনেই স্থানীয় এলাকাবাসী ও ভোটরদের ব্যাপক সাড়া পেয়েছেন টানা দুইবার নির্বাচিত এই সিটি মেয়র।

 

গতকাল দুপুর তিনটায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন সেলিনা হায়াৎ আইভী। তিনি রাত পর্যন্ত চৌধুরীবাড়ি, আইলপাড়া, নতুন আইলপাড়া, এনায়েতনগর, তাতখানা, ভূঁইয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে লোকজনের সাথে কথা বলেন। আওয়ামী লীগ নেতা-কর্মীর পাশাপাশি নৌকার প্রার্থী সঙ্গ দেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। সাবেক সিটি মেয়র ও নৌকা প্রতীকে পুনরায় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর আগমনের খবর পেয়ে বাজার, রাস্তার মোড়ে, বাড়ির সামনে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ। বিভিন্ন বাসা-বাড়ির ছাদেও ভিড় করেন নারীরা।

 

শিশুরাও উচ্ছ্বাসিত ছিল আইভীকে দেখার জন্য। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নৌকার প্রার্থী ডা. আইভী। এলাকাবাসীদেরও কেউ ফুল ছিটিয়ে, ফুলের তোড়া, ফুলের নৌকা উপহার দিয়ে আইভীকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্থানীয়দের অনেক বয়োবৃদ্ধ নারী জড়িয়ে ধরেন আইভীকে। তরুণ-তরুণীরা ভিড় করেন জনপ্রিয় আইভীর সাথে মোবাইলে সেলফি তোলার ধরেন। অনেকের সাথেই সেলফি তোলেন আইভী। স্থানীয় লোকজনের সাথেও কথা বলেন আইভী। ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি। আইভীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সঙ্গে থাকা কর্মী-সমর্থকরা।

 

আইভী বলেন, ‘আমি আপনাদের জন্য কাজ করেছি। কোনো দলমত দেখি নাই। আমি ভোট চাইলাম না। আমার ভোট আপনাদের কাছে আমানত হিসেবে রাখলাম।’ রাস্তাঘাট, ড্রেনসহ অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে এলাকাবাসীও তাকে পুনরায় ভোট দেবেন বলে আশ্বস্ত করেন। গণসংযোগ চলাকালীন সাংবাদিকদের সাথেও কথা বলেছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। মা-বোনদের ভোটে সবদিকেই নৌকার জয়জয়কার হবে।’ প্রথম দিনের প্রচারণায় নেমে কেমন সাড়া পেয়েছেন, প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে নেমেছি। মুক্তিযোদ্ধারা ২০১১ ও ২০১৬ তেও আমার সাথে ছিলেন। যারা দেশকে স্বাধীন করেছেন তাদের সম্মান জানিয়েই প্রচারণা শুরু করেছি। আপনারাই গণজোয়ার দেখছেন। আশা করি, নৌকাই জয়যুক্ত হবে।’

 

গণসংযোগে আইভীর সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রহজান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভান্ডারি, বীর মুক্তিযোদ্ধা শরীফউল্লাহ সাউদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, সদস্য গোলাম মোস্তফা সাচ্, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির এলিন, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন