Logo
Logo
×

রাজনীতি

তৈমুরে ক্ষুব্ধ বিএনপি নামলেই ব্যবস্থা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৬:২৬ এএম

তৈমুরে ক্ষুব্ধ বিএনপি নামলেই ব্যবস্থা
Swapno


# দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি প্রার্থী হওয়ায় ক্ষুব্দ বিএনপির হাইকমান্ড। তার নির্বাচনী প্রচারণায় বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী।

 

জাতীয় একটি গণমাধ্যমে রুহুল কবির রিজভী বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে তৈমুর আলম খন্দকারের পক্ষে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ দলের শীর্ষ পর্যায়ের আরেক নেতা জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের একটি অংশ তৈমুরের প্রচারণায় যাওয়ার কথা বলেছিলেন। তাদেরও যেতে নিষেধ করা হয়েছে। দলের সহযোগী সংগঠনের সকল নেতাকেই একই নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে দ্বিমত রয়েছে তৈমুর আলম খন্দকারের। তার দাবি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজখবর নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও দল তার পাশে আছে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যারা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্ত না মেনে সিলেট-৩ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় সফি আহমেদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এবারের নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ৪ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও মহানগর বিএনপির কার্যকরী সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ। জানা গেছে, দলের সিদ্ধান্ত মেনে তৈমুর ছাড়া বাকিরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এদিক জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তার স্থলে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক নিয়োগ দিয়েছে বিএনপি।

 

নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কয়েক জ্যেষ্ঠ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তৈমূরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তৈমূর আলম বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। আবার দলের একাধিক নেতা মনে করেন, বহিষ্কার না হলেও সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে। এদিকে কেন্দ্রীয় যুবদল নারায়ণগঞ্জের নেতাদের তৈমুরের পক্ষে কাজ না করার নির্দেশনা দিয়েছে।

 

কেউ এই নির্দেশনা অমান্য করলে বহিষ্কার করারও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। নির্বাচনে যাতে নেতা-কর্মীরা কাজ না করতে পারেন সেই কারণে মহানগর যুবদলের আওতাধীন তিন থানা ও ২৭টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করেছে মহানগর যুবদল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন