Logo
Logo
×

রাজনীতি

ইট পাথরের উন্নয়ন কোনো উন্নয়ন না : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৬:১৬ পিএম

ইট পাথরের উন্নয়ন কোনো উন্নয়ন না : আইভী

গতকাল বিকেলে নাসিক ৬নং ওয়ার্ডে ও সন্ধ্যায় জামতলায় প্রচারণা চালান মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : মেহেদেী হাসান।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে নাসিক ৬নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ এলাকার বিহারী কলেনী ও চর শিমুল পাড়াতে গণসংযোগ করেন তিনি।  গণসংযোগের শুরুতে আইভীকে ফুলেল শুভেচ্ছা জানায় এলাকাবাসী এবং আইভী ও নৌকার স্লোগানে মুখোরিত হয়ে উঠে পুরো এলাকা। এ সময় আইভীর গণসংযোগ গণজোয়ারে রূপ নেয়। আইভীকে কাছে পেয়ে এলাকার নারীরা আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাটি দেশের কোথাও পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি। এমনকি ঢাকাতেও তা হয়নি। কিন্তু সবগুলো সিটি করপোরেশন চেষ্টা চালাচ্ছে। আমরাও আমাদের জালকুড়িতে ২৩ একর জায়গা অধিগ্রহণ করেছি। এখানে চায়না একটি কোম্পানির সাথে চুক্তি হয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। সেটা আমাদের প্রায় হয়ে গেছে। করোনার জন্য একাজে আমরা পিছিয়ে গিয়েছিলাম। এটি হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই এটির উদ্বোধন করবেন। তখন আর এ সমস্যা থাকবে না।’ তিনি আরও বলেন, ‘যে কাজ করে তারই কিন্তু সমালোচনা হয়। যেহেতু আমি অনেক কাজ করেছি আমার সমালোচনা হবেই। আমার যে প্রতিদ্বন্দ্বী উনি বলেছেন যে উনি লাইসেন্সের টাকা কমিয়ে দিবেন। এটা উনি কখনোই পারবেন না কারণ রাষ্ট্রপতির আদেশক্রমে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এটা কমাতে কোনো মেয়রই পারবেন না। উনি বলেছেন যে পানির বিল নিবেন না। উনি যদি পানির বিল না নেয় তাহলে পাম্পের বিল কীভাবে দিবে? এ ধরনের মিথ্যা আশ্বাস কখনো আমি দেই নাই আর দিবো না।’ আইভী বলেন, ‘উনি বলেছেন যে ইট পাথরের উন্নয়ন কোনো উন্নয়ন না। আপনারা এ শহরের মানুষের সাথে কথা বলে দেখেন বা এই যে রোডটি দিয়ে আপনারা আসলেন এর পাশে বিশাল একটি জলাশয় যা আমি সংরক্ষণ করেছি এবং সৌন্দর্যবর্ধন করে দিয়েছি। আর উনি বলেছেন এটা ভরাট করে রাস্তা করে দিবে। এটা ভরাট করে রাস্তা তো চায় না মানুষ। পাশেই তো জায়গা আছে সেখানে রাস্তা করুক। ওনার কথা অনুযায়ী বলতে চাই উনি যে সবুজ নগরায়ন করতে চায় তাহলে উনি কিভাবে জলাশয় ভরাট করার কথা বলে? উনি কখন কি বলছে তা হয়ত উনিও জানেন না। ওনাকে কেউ শিখিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মতো এমন ঘিঞ্জি আর জনবহুল এলাকাকে আমি সাধ্যমত চেষ্টা করেছি সবুজের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি সুযোগ পেলে এখানে আরও খেলার মাঠ, পুকুর-ঘাটগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করবো। ইট পাথরের শহরতো প্রয়োজনই আছে। এ জেলা ধনী জেলা। নিম্ন আয়ের মানুষদের জন্য কি এপার্টমেন্ট হবে না? কর্মচারীদের জন্য কি এপার্টমেন্ট হবে না? শুধু কি বড় লোকদের জন্য সবকিছু হবে? আমি যা করেছি আমার জনগণের জন্য করেছি এবং জনস্বার্থে করেছি। সুযোগ পেলে আমি আরও করবো।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন