এবারের নির্বাচনে মেয়র আইভীর ছায়া সঙ্গী ছিলেন চার নেতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:২৩ এএম
# তাদের যথাযথ মূল্যায়ন হওয়া জরুরী বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র আইভীর সঙ্গে রাতদিন একাকার করে অনেক নেতাই প্রচার চালিয়েছেন। তবে তার ছায়া সঙ্গী হিসাবে যে চারজন নেতা ছিলেন তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির নেতা এডভোকেট আনিসুর রহমান দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং জেলা আওয়ামী লীগের নেতা আদিনাথ বসু।
এই চার নেতা ছিলেন মেয়রের ছায়া সঙ্গী হিসাবে। এরা সকাল থেকে মাঝরাত পর্যন্ত মেয়রের সঙ্গে ছিলেন। এদের মাঝে আনিসুর রহমান দীপু বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সার্বক্ষণিক ঢাকার নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। মেয়র আইভীর অন্যতম একজন উপদেষ্ঠা হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তাই আগামী নির্বাচনে এই দীপু নারায়ণগঞ্জ জেলা বা মহানগর আওয়ামী লীগের ভালো কোনো পদে অধিষ্ঠিত হবেন সেই প্রত্যাশাই করেন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী সমর্থক।
অপরদিকে আসিনুর রহমান দীপুর পরে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির। এই আবদুল কাদিরকে দেখা গেছে সকাল সাতটা থেকে মাঝ রাত পর্যন্ত মেয়রের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে। প্রতিটি ওয়ার্ডে প্রচার প্রচারণায় তিনি মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন। ফলে তিনি ছিলেন মেয়রের একজন ছায়া সঙ্গী। এক কথায় প্রচার প্রচারণার অগ্রভাগে ছিলেন তিনি। এছাড়া নারায়ণগঞ্জের রাজনীতিতে তিনি চুনকা পরিবারেরই একজন সদস্য। তিনি আলী আহম্মদ চুনকার মেয়ে জামাতা এবং মেয়রের ছোট বোনের স্বামী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের জন্য নিজের জীবন যৌবন সবই ব্যায় করেছেন। ব্যাক্তিগত জীবনে সৎ এই আবদুল কাদির তার সারা জীবন নিজের পকেটের টাকা খরচ করে দলের জন্য ভূমিকা রেখে এসেছেন। তাই অনেকে মনে করেন সময় এসেছে তার মূল্যায়ন হবার। এরই মাঝে একবার নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে অংশ নিলে অল্প ভোটের ব্যাবধানে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেয়া হয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন আবদুল কাদিরের মূল্যায়ন হওয়ার সময় এসেছে। জেলা অথবা মহানগর আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চায় নেতাকর্মীরা।
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও ছায়ার মতোই লেগে ছিলেন মেয়রের পেছনে। এবারের নির্বাচনে তিনিও রাতদিন একাকার করে প্রচার চালিয়েছেন। এবারের নির্বাচনে তাকে নেচে গেয়ে প্রচার চালাতে দেখা গেছে। আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।
এছাড়া আওয়ামী লীগ নেতা আদিনাথ বসুও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেখাশুনা করেছেন আইভীর বিরুদ্ধে কারা কিভাবে কোথায় ষড়যন্ত্র করছেন। সব সময় ষড়যন্ত্রকারীদের তথ্য সংগ্রহে ব্যস্ত ছিলেন তিনি এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছেন। মূলত এভাবেই তারা মেয়রের পাশে ছায়ার মতো থেকে দায়িত্ব পালন করেছেন।


