জেলা যুবদলের কমিটিতে জায়গা পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
# দেশের বাইরে থেকেও রয়েছে তদবীর
# সাবেক ও বর্তমান সকলেরই চোখ টপ ফাইভে
মেয়াদোর্ত্তীণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান কমিটি। আসছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন ৫-১১-৩১ বা ৭১ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটি। জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু নবগঠিত ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব বনে গেছেন। তিনি আর যুবদল থাকছেন না। মেয়াদোর্ত্তীণ নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান শীঘ্রই গঠন করা হবে নতুন আহবায়ক কমিটি। আর নতুন আহবায়ক কমিটিতে স্থান পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন জেলা যুবদলের সম্ভব্য প্রার্থীরা। এছাড়াও কেন্দ্রে চলছে লবিং ও গ্রুপিং। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা কমিটিতে পদ-পদবী পাওয়ার আশায় বর্তমান এবং সাবেক যুবদল ও ছাত্রদলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রে। যারা জীবনবৃত্তন্ত জমা দিয়েছেন তারা কেউ আহ্বায়ক, কেউ যুগ্ম-আহ্বায়ক আর কেউ সদস্য সচিব পদে। আবার কেউ কেউ আহবায়ক কমিটির সদস্য হতেও দৌড়ঝাঁপ করছেন।
তথ্যসূত্রে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের ভেতরে গ্রুপ কিংবা নেতার অভাব নেই। বর্তমানে কয়েকটি গ্রুপে বিভক্ত রয়েছে জেলা যুবদল। বর্তমান কমিটি ভেঙে শিগগিরই আসছে জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি এমন খবরে সবগুলো গ্রুপের নেতাকর্মীরা পদ-পদবি পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দেশ-বিদেশে চলছে লবিং। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বেশ কয়েকজন তারা এখন যুবদলের কমিটিতে স্থান পেতে জোর লবিং শুরু করেছেন। তবে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবী, যুবদলের রাজনীতিকে ধরে রাখতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। নইলে এ ভুলের মাসুল বেশ চড়া মূল্যে দিতে হবে। যুবদলের নেতৃত্বে ভাগিয়ে নিতে জোড় লবিং তদবির অব্যাহত রেখেছেন বেশ কিছু নেতা। বিগত এক যুগ ধরে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এমন নেতারাই গুরুত্বপূর্ণ পদে আসতে লবিং করছেন। কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতাদের কেউ কেউ ম্যানেজ করারও চেষ্টা করছে বলেও জানাগেছে বিভিন্ন সূত্রে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটিতে আহবায়ক পদ পেতে লবিং করছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, অন্যদিকে সদস্য সচিব পদে জেলা যুবদলের সহ- সভাপতি আমিনুল ইসলাম ইমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবসহ যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ লো যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা যুবদলের পদপ্রত্যাশীদের মধ্যে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের নেতাদের শীগ্রই কেন্দ্রে ঢাকা হবে। পাশাপাশি জেলা যুবদলের তৃণমূলের মধ্যেও বেশ কয়েক নেতাকর্মীদেরকেও ঢাকা হবে কেন্দ্রে। এসকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিবে কেন্দ্র। কমিটিতে জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। আর আগামী দিনে যুবদলের রাজপথের কর্মসূচিকে আর বেগমান করতে যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে সূত্রে জানা গেছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকান্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই-বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে কেন্দ্রীয় যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। আর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কারা আসছেন জেলা যুবদলের দায়িত্বে এ নিয়ে যুবদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে জেলা যুবদল আরও চাঙা হবে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।


