সোনারগাঁয়ে দরপত্র জমাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ,আহত ১৫
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম
হাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও উপজেলার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাটের দরপত্র জমা দেওয়ার দিন ছিল বুধবার। পরে মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা হাট পরিচালনা করে আসছিল।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া তার লোকজন ওই হাটের দরপত্র জমা দিতে গেলে উপজেলা যুবলীগের সভাপতি নান্নুর সমর্থক মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন স¤পাদক সজিব, যুবলীগ কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ ২০/২৫ জনের একটি দল যুবলীগের নেতাকর্মীরা এসে বাধা দেন।
এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আব্দুল আলী, বাবুসহ ১২ জন আহত হয়। উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ ৩ জন আহত হয়।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সোহাগ রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ, সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে উপজেলা পরিষদ থেকে বের করে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিম মিয়া জানান, যুবলীগের সমর্থকরা দীর্ঘ দিন ধরে হাটটি পরিচালনা করে আসছিল। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন স¤পাদক সজিব মিয়া জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আমাদের কথা কাটাকাটি হয়েছে। তারা যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


