দলের প্যাডে খালেদা জিয়াকে প্রয়াত বানালো সোনারগাঁ বিএনপি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ পিএম
# ‘খালেদা জিয়া অমর হোক’ লেখা নিয়ে চলছে সমালোচনা।
সোনারগাঁ থানা বিএনপির ১০টি ইউনিয়নের ইউনিট কমিটি ঘোষণা করেছেন সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও মোঃ মোশাররফ হোসেন। নবগঠিত কমিটির কাগজ গনমাধ্যমের হাতেও এসেছে৷ তবে সে কাগজে উপরে দিকে মাঝ বরাবর 'খালেদা জিয়া অমর হোক' লেখা নিয়ে চলছে সমালোচনা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এই সোনারগাঁ থানার ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেন মান্নান ও মোশাররফ। তবে থানা বিএনপির শীর্ষ এই দুই নেতার কারও চোখেই বিষয়টি পড়েনি। প্রশ্ন উঠেছে এটি কি অনিচ্ছাকৃত ভুল নাকি আলোচনায় আসতে এটি করা হয়েছে। সোনারগাঁ থানা বেশ বড় ও গুরুত্বপূর্ণ এলাকা। এই থানা এলাকা ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
এই থানা নিয়েই গঠিত নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসন। এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় দায়িত্বপ্রাপ্তদের দ্বারা এমন অমার্জনাকৃত ত্রুটির কারনে উষ্মা প্রকাশ করেছেন দলের নানা পর্যায়ের নেতারা। জানা গেছে, সোনারগাঁ থানা বিএনপির সদস্য সচিব মোশাররফ হোসেন জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের কাছের বন্ধু।
তার বিরুদ্ধে ২০১৩ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাওয়া ও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। মামুন মাহমুদ একজন অধ্যাপক বটে। তিনি জেলার সদস্য সচিবের দায়িত্বে থাকাকালীন এমন ভুল দলের নেতাকর্মীরা সহজভাবে মানতে পারছেন না।
এ নিয়ে দলের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বর্তমান সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন। এমন একটি লেখা কিভাবে তার নজর এড়াল তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে মোশাররফের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে স্থানীয় এমপি ও জাতীয় পার্টির নেতাদের সাথেও রয়েছে তার নিবিড় সম্পর্ক।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। এদিকে দলের প্যাডে এমন ভুলের প্রতিক্রিয়ায় দলের একাধিন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবী, দলের নেত্রীর বিরুদ্ধে যারা এমন ভুল করতে পারে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে হবে।
আর তা না করলে আগামীতে দলের নেতাকর্মীরা এ ব্যাপারে ততটা সতর্কতা অবলম্বন করবেনা। নেতাকর্মীদের মতে, দলের প্রাণ হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার জন্য লাখো নেতাকর্মী অকাতরে প্রাণ দিতে প্রস্তুত। তাকে খোদ দলের কমিটি ঘোষণার প্যাডে লাঞ্চিত করা কিংবা তাকে প্রয়াত বানিয়ে দেয়া গুরুতর অপরাধ। এটা অমার্জনীয়।
এটা দলকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে এমন কেউ মানতে পারবেনা। এমন ভুল আওয়ামীলীগ করতে পারে, বিএনপি নয়। বিএনপি পন্থী একাধিক শিক্ষক জানান, এই শব্দটি আমরা মৃত্যুর পর ব্যবহার করি যেন তার কর্ম মানুষের মাঝে অমর হয়ে থাকে। জিয়াউর রহমান একজন কীর্তিমান। তার ক্ষেত্রে অমর শব্দ ব্যবহার করা যায়।
খালেদা জিয়ার ক্ষেত্রে এ শব্দ ব্যবহার মানে তার মৃত্যু হয়েছে বা তিনি গত হয়েছেন এমনটি বুঝায়। এ ধরনের শব্দ কোনভাবেই তার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এটা দল দেখবে বলে মনে করেন তারা। এ ব্যাপারে সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান জানান, রাতে প্রেসের লোকেরা এটি ভুল করেছে।
বিষয়টি নজরে আসামাত্রই আমরা তাদের ভৎসনা করেছি এবং দ্রুত পরিবর্তন করেছি। সঠিক কাগজটি পরবর্তীতে চুড়ান্ত করে সকল স্থানে পাঠানো হয়েছে। তারপরও তাদের এই ভুলের জন্য আমরাও আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।


