‘খালেদা জিয়া অমর হোক’ মান্নান মোশাররফের বিরুদ্ধে মামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম
সোনারগাঁও উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেন ১০টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া দলীয় প্যাডে জীবিত খালেদা জিয়াকে মৃত উল্লেখ্য করে ‘খালেদা জিয়াকে অমর হোক’ লেখায় মানহানির অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাওঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁও থানার পরির্দশক (তদন্ত)কে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মোহাম্মদ রাসেল রানা বলেন, দীর্ঘ বছর ধরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসার মধ্যে কারারুদ্ধ অবস্থায়। অসুস্থ বেগম খালেদা জিয়া এখনও জীবীত রয়েছেন। কিন্তু সোনারগাঁ উপজেলা বিএনপি তাকে মৃত ঘোষণা করে অমর হিসেবে লিপিবদ্ধ করেছে। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে আমি এই মানহানি মামলা দায়ের করেছি। আশা করছি তাদের বিরুদ্ধে আমাদের দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে মামলার আইনজীবী এড. আব্দুর রহিম বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি তাদের অধীনে থাকা ১০ টি ইউনিটের আহবায়ক কমিটি গঠন করে। আর এই কমিটির দলীয় প্যাডে বেগম খালেদা জিয়াকে অমর ঘোষণা তথা মৃত করা হয়েছে। এতে খালেদা জিয়ার মানহানি হওয়ায় রাসেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁ থানার পরির্দশক (তদন্ত)কে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আমি নিজেও একটি কমিটিতে ছিলাম কিন্তু আমি পদত্যাগ করেছি। কারন তারা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির লোকদের নিয়ে পকেট কমিটি করেছে। এই সপ্তাহের মধ্যে আমি আরও একটি মামলা করবো। এ প্রসঙ্গে সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান যুগের চিন্তাকে বলেন, আমাদেরকে দ্রুত কমিটি করতে বলা হয়েছে।
আর তাড়াহুড়া করতে গিয়ে প্রেসের লোকেরা এটি ভূল করেছে। বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই আমরা পরিবর্তন করেছি। সঠিক কাগজটি পরবর্তীতে চূড়ান্ত করে সব পর্যায়ে পাঠানো হয়েছে। তারপরেও এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, গত ১৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভিডিও স্কাইপিতে কথা হয়েছে। আমি সেইখানেও এই ভূলের জন্য তারেক রহমানের কাছেও ক্ষমা চেয়েছি।
আমরা তো মানুষ ভূলতো মানুষই করে থাকে। আর আমি তো ভূল স্বীকারও করেছি এবং তা সংশোধন করে আবারও ঠিক করেছি। তার জন্য মামলা। ঠিক আছে আমি মামলা আইনীভাবেই মোকাবেলা করবো। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্যাডে ১০ টি ইউনিয়ন বিএনপি কমিটির অনুমোদন দেন।
সেই সাথে নবগঠিত কমিটির তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন ও গণমাধ্যম কর্মীদের হাতেও পৌঁছে। আর সেই কাগজের উপর দিকে মাঝ বরাবর লেখা রয়েছে ‘খালেদা জিয়া অমর হোক’। আর এই লেখা নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে নেতাকর্মীদের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।


