Logo
Logo
×

রাজনীতি

নটাঙ্কি দেখতে দেখতে আর ভাল লাগেনা : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:২৬ পিএম

নটাঙ্কি দেখতে দেখতে আর ভাল লাগেনা : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার সন্তানদের যদি আমি মিথ্যা বলি আমি যেমন ছোট হয়ে যাবো একজন বাবা হিসেবে। তেমনি আপনাদের মিথ্যা কথা বললে আমি নিজেকে মাফ করতে পারব না। আমি দেখি সামনে আপনাদের ভবিষ্যত এত সুন্দর না। সামনের ভবিষ্যত অনেক লড়াইয়ের। এর ভেতর শুরু হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ।

 

হাঁটি হাঁটি করে এ দেশ জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দাঁড়াচ্ছিল। ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী। শেখ হাসিনা এ দেশের হাল ধরেছিলেন, তার কিছু ছিল না। আমরা মাথা তুলে দাঁড়ালাম জিডিপি আট হয়ে গেল। করোনায় ধাক্কা খেলাম, এখন আবার যুদ্ধ। মানুষ বাঁচানোর চেয়ে মানুষ মারার জন্য বেশি অর্থ খরচ হয়।

 

গতকাল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নবীন বরণ একটা আনন্দের দিন। আমি এদিনে আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না।

 

সাতাশ হাজার ছাত্র পড়ে এ কলেজে। এটুকু একটা জায়গা, এটা কি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ হওয়ার যোগ্য। আমাদের চাহিদার শেষ নেই কিন্তু দিতে পারছিনা কিছু। পঞ্চাশ শতাংশ ছাত্রেরও বসার জায়গা নেই এখানে। জীবনের এসময়ে এসে এটা অস্বীকার করলে মিথ্যা বলা হবে।

 

তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা কেউ দুনিয়ায় পারফেক্ট নই। এটা আমাদের বাংলাদেশ। এ দেশকে যদি কেউ হেয় করার চেষ্টা করে এবং কেউ তাতে খুশি হয় আমি লজ্জিত হই। আমরা গোলামি থেকে মুক্ত হয়েছি, কিন্তু গোলামির চরিত্র থেকে মুক্ত হতে পারিনি। আমাদের করার মত কিছু নেই এখন।

 

যখন বাসায় থাকি মনে হয় অনেক বয়স হয়ে গেছে। আমি আপনাদের মত পারবো না, আপনাদের করতে হবে। আজ থেকে ত্রিশ বছর আগে তোলারাম কলেজ সরকারি করার দাবীতে জিয়াউর রহমানকে আটকে পিঠ ক্ষতবিক্ষত করেছি, আমার স্বার্থ কি। আমরা যখন গোলাম আজমকে অবাঞ্ছিত করেছিলাম, আমাদের বিশজন ছেলেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছিল।

 

এ কলেজে ৮১ সনে প্রতিবাদ করেছিলাম রাজাকার রাষ্ট্র প্রধানকে ঢুকতে দেয়া হবে না। আমরা ঢুকতে দেইনি। প্রশাসন আমাদের ওপর গুলি করল। আমাকে বারান্দার সামনে দাঁড় করিয়ে ছয়টা রাইফেল দিয়ে একাধারে গুলি করা হল। আল্লাহর রহমতে গুলি লাগেনি। কিন্তু ওই ক্লাসে আমার ভাই আবু আউয়ালকে পরীক্ষারত অবস্থায় মারা হয়েছে, ৮৫জন ছেলেকে আমার গুলি করে মারা হয়েছিল।

 

আমাদের কি স্বার্থ ছিল। আমাদের স্বার্থ একটাই, আপনাদের সুন্দর ভবিষ্যত। আমরা যৌবন কৈশোর দেখিনি কারন জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। আমরা বলি না আপনারা ছাত্রলীগ করেন, দেশটাকে তো ভালবাসবেন।

 

আমি নারায়ণগঞ্জে ছাত্রলীগ দেখি না, তারুণ্য দেখি না। যখন গরিবের পেটে লাথি মারা হয় শ্রমিকের পেটে লাথি মারা হয়, কোথায় থাকে ছাত্র সমাজ। আমি বড় হয়েছি, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। আমি এই কবিতা পড়ে অভ্যস্ত।

 

তিমি বলেন, আমি সাহস দেখে অবাক হই, এরশাদ সাহেবের বউ রওশন এরশাদ তোলারাম কলেজের জায়গা দখল করতে আসলেন, সেনাবাহিনী পুলিশ আসল। এক ইঞ্চি জায়গা দখল করতে পারেনি। আজকে আমরা দেখি সিটি করপোরেশন এসে তেলারাম কলেজের জায়গা দখল করে পানির মটর লাগাতে চায়। কি করবো বলেন, পানির মটর লাগাতে দিব, না বিল্ডিং করবো। আস্তে আস্তে ফিস ফিস করে কথা বললে কাজ হবে না। ছাত্র সমাজ ফিস ফিস করে কথা বললে জীবনেও সামনে এগুতে পারবেন না৷ আপনাকে প্রমান করতে হবে, আপনি যে ছাত্র।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের পটপরিবর্তন করেছে ছাত্রসমাজ। আপনারা কেমন যেন মিনমিনে হয়ে যাচ্ছেন। আপনি ফেসবুকে চ্যাটিং করেন সমস্যা নেই। তবে ডু সামথিং ফর ইওর কান্ট্রি। শামীম ওসমান অন্যায় করলে শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব। আমি কোন রাজনৈতিক দলের কথা বলব না, সকল ছাত্রদের এক প্লাটফর্মে আসতে বলব।

 

এমপি বলেন, নটাঙ্কি দেখতে দেখতে আর ভাল লাগে না৷ রাজনীতি ব্যবসা হয়ে গেছে। শতকোটি টাকার বাড়ি বানাই ইনকাম ট্যাক্সের ফাইলে দশ টাকাও নাই। এনবিআর কি করে জানি না, দুদক নামের কোন বস্তু আছে তাও চিনি না। ভাল ভাল সব লোক বসা সেখানে। দেশের সবচেয়ে দামী দামী লোক বসা সেখানে। তদন্ত তো দেখি না। মুখ খুলতে চাই না, সময় হলে মুখ খুলবো।

 

 এই পরিসরে নবীণ বরণ হয় না। আমি রিয়াদসহ সকলকে অনুরোধ করবো, দ্রুত আলোচনা করুন। একেএম শামসুজ্জোহার স্টেডিয়ামে নারায়ণগঞ্জের সকল কলেজের নবীন বরনের আয়োজন করেন। যা কিছু লাগে আমি করবো। সেদিন নারায়ণগঞ্জকে জানান দিবেন বাংলাদেশকে জানান দিবেন আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ। আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো।

 

শামীম ওসমান বলেন, আপনাদের কাছে বিচার দিচ্ছি, তিন বছর ধরে চেষ্টা করে নারায়ণগঞ্জের সকল বড় বড় প্রকল্প এনেছি। প্রায় আটশ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে। আমার স্বপ্ন ছিল দুটো প্রজেক্টের। আমার মা শেখ হাসিনার কাছে আমি নারায়ণগঞ্জের চাহিদাগুলো বললাম। তিনি বললেন আর কিছু চাও না, আমি বললাম না।

 

আমি বললাম এ কাজগুলো করতে চাই যেন মানুষ আমাকে মনে রাখে। আমি যা যা চেয়েছি তা তা উনি দিয়েছেন। ডিও লেটার দিলাম আমি, কথা বললাম আমি, ভিক্ষা চাইলাম আমি। তবে কিছু কুচক্রী মহল এটাকে এমন জায়গায় দূরে নিতে চায় এ এলাকার মানুষের যাওয়া সম্ভব নয়। আমি বলেছিলান এ প্রতিষ্ঠান ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে হবে৷

 

এখন এটাকে এখান থেকে সরানোর চেষ্টা হচ্ছে। এই চেষ্টা হলে আমি রাস্তায় নামব। যেখানে চেয়েছি সেখানে এটা হতে হবে। যারা সরাতে চাচ্ছেন শুনেন, তোলারাম কলেজের ছাত্রছাত্রীরা একাই নারায়ণগঞ্জের নক্ষত্র বদলিয়ে দিতে পারে।

 

আমি সিটি করপোরেশনের কাছে অনুরোধ করবো আপনারা মানুষের ট্যাক্সের পয়সায় চলেন। তোলারাম কলেজের মাটিতে হাত দিবেন না। নারায়ণগঞ্জ কেন দেশের কোথাও যদি কোন ছাত্রের গায়ে হাত উঠলে নারায়ণগঞ্জের ছাত্ররা চাড়া কাপিয়ে দিয়েছে।

 

নারায়ণগঞ্জে কিছু মুখোশ উন্মোচন করা দরকার। যারা কথা বলেন, হিসেব করে কথা বলবেন।কারণ আমি যদি মুখ খুলি তাহলে লজ্জায় মুখ ঢাকতে পারবেন না। এসময় নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিসহ কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন