Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের দিন শেষ

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৫:১৬ পিএম

শামীম ওসমানের দিন শেষ
Swapno

# খুনী এখন শহর দাপিয়ে বেড়াচ্ছে
# আপনার পায়ের তলায় মাটি নেই আপনি নিজেও জানেন
# রাজাকার পুত্র কাজলের মাধ্যমে রাইফেল ক্লাবে বসে কলকাঠি নাড়ছেন
# একজন পথচারীও আপনাকে ভয় পায় না

 

সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর বিরোধের কথা সবাই জানেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে ঘটে যাওয়া নারায়ণগঞ্জ রাজনৈতিক ঘটনা গুলো এখনো মানুষের চোখের সামনে তাজা হয়ে আছে। তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের উত্তপ্ত সম্পর্ক কিছুটা হলেও শীতল হচ্ছে বলেও ধারণা করেছিলেন অনেকে।

 

তবে রাজনৈতিক বোদ্ধারা এটাকে লোক দেখানো বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন। আর ধীরে ধীরে তারই প্রতিফলন ঘটছে। তবে ওসমান পরিবারের এই বহুরূপী আচরণকে এবার ওপেন চ্যালেঞ্জ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হ্যাট্রিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসামানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, সাহস থাকলে আসেন, একলক্ষ দুই লক্ষ লোকের এই কাহিনী আর আমাদেরকে বলবেন না।

 

এক আইভীরেই ঠেক দিতে পারেন না, লক্ষ লোকেরে আপনি কোত্থেকে ঠেক দিবেন। আমি একজন নারী, আমার ভয়েই আপনি ভীত থাকেন। সর্বক্ষণ আপনার মাথার মধ্যে কিলবিল করতে থাকে আইভী কি করলো। তা না করে যদি আপনার এলাকার উন্নয়নে সময় দিতেন, তাহলে বহু মানুষ উপকৃত হতো। মা-বোনরা আপনাকে ভয় পায় না।

 

বিশেষ করে এই নারায়ণগঞ্জের নারীরা অত্যন্ত সাহসী। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নগরীর শেখ রাসেল পার্কে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই চ্যালেঞ্জ জানান তিনি।

 

ত্বকী হত্যার বিষয়ে মেয়র আইভী বলেন, শুধু নারায়ণগঞ্জবাসী না, বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালীই অনুধাবন করতে পারি যে, এই হত্যাকাণ্ডটির কেন বিচার হচ্ছে না। যেখানে র‌্যাব তদন্ত করলো তার খসড়া রিপোর্টেও অনেকের নাম বেরিয়ে আসলো। সেটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যে, প্রভাশালী ব্যক্তিরা, তাদের সন্তান ও আত্মীয় স্বজনরা মিলে ত্বকীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

 

কেন হত্যা করা হয়েছে ? ত্বকীর বাবা প্রতিবাদ করেছিল। সাধারণ মানুষের জন্য, সম্মানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে যে প্রতিবাদ করেছে, মানুষের জন্য কথা বলায় সেই কথা যাতে না বলতে পারে, তার কন্ঠকে রোধ করার জন্য

 

সেই বাচ্চাকে হত্যা করে ভয় দেখানোর জন্য, নারায়ণগঞ্জকে ভীত করার জন্য, নারায়ণগঞ্জের মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড। তারা স্বপ্নেও ভাবেনি যে, এইভাবে মানুষ প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবে।’

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমানের সমালোচনা করে বলেন, আপনি ছাত্রদের ক্ষেপানোর চেষ্টা করছেন। ছাত্রদের গিয়ে আপনি বলে আপনি জিয়াউর রহমানে গাড়ি আটকে দিয়েছেন। আপনি তো অত্যন্ত ভীত মানুষ। আপনি তো যখন তখন দেশ ছেড়ে চলে যান।

 

যখনই সমস্যা তখনই আপনি যান ইন্ডিয়া, কানাডা, দুবাই। শত শত কোটি টাকা পাচার করে দিয়েছেন। দুবাই মালেশিয়াতে বাড়ি ঘর করেছেন। আবারও চলে যাবেন। আপনি কেন ছাত্রসমাজকে মিথ্যা কথা বলে ক্ষেপাতে চাচ্ছেন। মার্চ মাস আসলেই দেখি আপনাদের ফ্যামিলির ট্রাডিশন হয়ে গিয়েছে কোন না কোনভাবে নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানো। অথবা মিথ্যাবলা।

 

আপনি না জেনে সবসময়ই মিথ্যা বলে কিছু না কিছু বলার চেষ্টা করেন। আপনি জিউস পুকুর নিয়ে বললেন, মৌলভীদের দিয়ে বললেন, এসব মিথ্যাচার আপনি বন্ধ করেন। আপনার দিন শেষ। আপনার এই মিথ্যাবাদিতা, আপনার এই হটকারিতা আপনার এই নাটক আমরা সকলেই জানি। এসব বন্ধ করেন। ত্বকী হতার বিচার চেয়েছেন আপনি।

 

নাটক বন্ধ করে সত্যিকার অর্থেই যদি ত্বকী হত্যার বিচার চান, তাহলে আপনি জানেন কারা হত্যা করেছে ত্বকীকে, হত্যাকারী আপনার ঘরে। সৎসাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝবো আপনি কত বড় নেতা এই বাংলাদেশে। অনর্থক মানুষকে ভয় দেখাবেননা। শহরের একজন সামান্য পথচারীও আপনাকে ভয় পায়না।

 

আমি একজন নারী, আমার ভয়েই আপনি সারাক্ষণ ভীত থাকেন। সারাদিন ব্যস্ত থাকেন আইভী কী করলো, তা না করে যদি আপনার এলাকার উন্নয়নে সময় দিতেন তাহলে অনেক মানুষ উপকৃত হত। নারায়ণগঞ্জের নারীরা অত্যন্ত সাহসী, তারা আপনাকে ভয় পায়না।


আইভী আরো বলেন, তারা নিজেদের ধনী পরিবার দাবি করে। যে তোলারাম কলেজের ফরম ফিলাপ করতে গিয়ে টাকার জন্য ফরম ফিলাপ করতে পারেনি। আজ সে কোটি কোটি টাকার মালিক। এখন আবার অন্যের বাড়ির দিকে চোখ তোলেন। বাবার জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মত চুরি করে, দুর্নীতি করে নয়।

 

শামীম ওসমানের দিকে অভিযোগ তুলে আইভী বলেন, উনার ১৬/১৭টি কার্গো জাহাজ রয়েছে। কীভাবে এসবের মালিক হলেন এটি নারায়ণগঞ্জবাসী  জানতে চায়। দুদকের ভয় দেখান, ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে নাড়াচাড়া করেন।

 

যারা আমার নির্বাচন করেছেন তাদের অনেকের ইনকাম ট্যাক্স আপনি রাজাকার পুত্র কাজলের মাধ্যমে রাইফেল ক্লাবে বসে থেকে থেকে কলকাঠি নাড়ছেন। আপনার দিন অনেক ছোট হয়ে এসেছে। আপনি নিজেও বুঝতে পারেন। আপনার পায়ের তলায় মাটি নেই আপনি নিজেও জানেন। আপনি কীভাবে মানুষকে বিপদে ফেলবেন সেই চিন্তাই সর্বক্ষণ করেন।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী আরো বলেন, দীর্ঘ ৯ বছর ধরে মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচার চেয়ে এসছি। কোন এক অজানা কারণে ত্বকী হত্যার বিচার হচ্ছেনা। কেন এই বিচার হচ্ছেনা তা শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশের মানুষ জানে কেন এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছেনা। র‌্যাবের খসড়া রিপোর্টেও অনেকের নাম বেরিয়ে এসেছে। সেটিই বোধ হয় কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।

 

ত্বকীর বাবা প্রতিবাদ করেছিল বিভিন্ন ফোরামে। সেই কণ্ঠ রোধ করার জন্য, নারায়ণগঞ্জের মানুষকে ভীত করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারা স্বপ্নেও ভাবেনি এভাবে মানুষ এই হত্যাকাণ্ডের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলবে। আশিক হত্যার পর আজমেরীর নাম এসেছিল, থানায় মামলা হয়েছিল তার নাম বাদ দিয়ে। সেই খুনি এখনও দাবিয়ে বেড়াচ্ছে। নাকের ডগায় ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের চোখে দেখেনা। শত শত হোন্ডাবাহিনী নিয়ে পত্রিকা অফিসে আক্রমন চালালেও তাদের চোখে দেখেনা।

 

আইভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ আপনি অনেক কাজের দৃষ্টান্ত রেখেছেন, আপনি জানেন কখন কাকে কীভাবে কী করতে হবে। আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের সন্তান হত্যার বিচার করুন।

 

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শিল্পী জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার,  সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে। পরে ত্বকীকে নিয়ে নির্মিত প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

 

এর আগে অর্থাৎ সিটি নির্বাচনের আগে মেয়র আইভীকে মেয়র পদ থেকে বিচ্যুত করার জন্য ওসমান পরিবার ও তার সমর্থকরা বিভিন্ন মহড়ার আয়োজন করেন। আইভী ও তার পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে হিন্দু সম্প্রদারকে আইভী বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে মসজিদ ভাঙার অভিযোগ এনে মুসল্লিদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হয়।

 

কবরস্থানে শ্মশানের মাটি ফেলার অভিযোগ এনে সেই ঘটনাকে কেন্দ্র করে সিটি নির্বাচন চলাকালীন সময় ছাড়াও তার আগে ও পরে বিষয়টিকে দাঁড় করানো হয়। আর নির্বাচনের আগে তাদের পক্ষ থেকে মেয়র পদের জন্য আলাদা প্রার্থীও নির্ধারণ করার চেষ্টা করা হয়। এমনকি কিছুদিন আগে শামীম ওসমান ত্বকী হত্যার বিচারেরও দাবি করেন।

 

কিন্তু সব কিছুকেই তাদের নাটক উল্লেখ করে মেয়র বলেন, না জেনে মিথ্যে বলে সবসময়ই আপনি কিছু না কিছু করার চেষ্টা করেন। আপনি জিউস পুকুর নিয়ে করলেন, আপনি মৌলভী সাহেবদের বললেন, আমি নাকি মসজিদ ভেঙে দিয়েছি। এই ধরণের মিথ্যেচার বন্ধ করেন। আপনার দিন শেষ। আপনার এই মিথ্যে বাদিতা, আপনার এই হঠকারিতা, এই নাটক, আপনার এই মিথ্যে বুলি আমরা সকলেই জানি।

 

তিনি বলেন, আপনি ত্বকী হত্যার বিচার চেয়েছেন। নাটক বাদ দিয়ে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন তাহলে এই শ্মশান কবরস্থানের নাটকও বন্ধ করেন। আপনি জানেন কারা হত্যা করেছে। হত্যাকারী আপনার ঘরে। সৎ সাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝব আপনি বাংলাদেশের কত বড় নেতা। সুতরাং ভয় এই নারায়ণগঞ্জবাসীকে দেখাবেন না। আমি আগেও বলেছি, শহরের কেউ আপনাকে ভয় পায় না। একজন পথচারীও আপনাকে ভয় পায় না।

 

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

 

এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। একই সঙ্গে প্রতিবছর শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন