Logo
Logo
×

রাজনীতি

বির্তকিত সেই লায়ন বাবুলকে ক্ষমা করলেন আ.লীগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৭:১৭ পিএম

বির্তকিত সেই লায়ন বাবুলকে ক্ষমা করলেন আ.লীগ
Swapno

সেই আলোচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান ওরফে লাইন বাবুলকে ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হলো। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির নিদের্শে গত মঙ্গলবার (৮ মার্চ) চিঠিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।

 

চিঠির অনুলিপি-আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো হয়েছে। মাহবুবুর রহমান ওরফে লাইন বাবুল সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।চিঠিতে বলা হয়, সম্প্রতি সোনারগাঁওয়ের বারদী ইউপিতে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্পর্কে মনগড়া বক্তব্যের অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

সাংবাদিক সম্মেলন করে অভিযোগের সত্যতা স্বীকার ও কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দাখিলের মাধ্যমে আপনার বক্তব্য প্রত্যাহার পূর্বক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দেশ ও জাতির কাছে গভীরভাবে অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তৎসঙ্গে ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম এমপির নির্দেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আপনার প্রেরিত লিখিত জবাব পর্যালোচনা করে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনাকে ক্ষমা করেছে। সেই সঙ্গে দলীয় পদে বহালের জন্য সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হলো। ভবিষ্যতে সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের এক বাৎসরিক ওয়াজ মাহফিলে মাহবুবুর রহমান বাবুল বলেছিলেন, বারদী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীকেও আসতে হলেও আমার অনুমতি নিতে হবে। বাবুলের এমন মন্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় লায়ন বাবুলকে দল থেকে বহিষ্কারের দাবীও জানান জেলা আওয়ামী লীগের একাধিক নেতা। পরে বিষয়টি স্বীকার করে নিয়ে সংবাদ সম্মেলনে দেশ ও জাতি এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান বাবুল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন