Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী লায়ন বাবুলকে মাফ করে দিলেন ভিপি বাদল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৪:৫৯ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী লায়ন বাবুলকে মাফ করে দিলেন ভিপি বাদল
Swapno

# চিঠিতে সই করেননি আবদুল হাই

 

প্রধানমন্ত্রী পরিবারকে ব্যঙ্গ করায় মন্ত্রীত্ব ও আওয়ামীলীগের সদস্য পদ হারিয়েছিলেন সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী লতিফ সিদ্দিকী। বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করায় গতবছর গাজীপুর সিটি করপোরেশন মেয়দ পদ হারিয়েছেন জাহাঙ্গীর আলম। কিন্তু সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে উদ্ধত্য বক্তব্য দেয়ার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি আওয়ামী লীগ।

 

গত ১২ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের এক বাৎসরিক ওয়াজ মাহফিলে মাহবুবুর রহমান বাবুল বলেছিলেন, বারদী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীকেও আসতে হলে আমার অনুমতি নিতে হবে। বাবুলের এমন মন্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

এসময় লায়ন বাবুলকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।  পরে বিষয়টি স্বীকার করে নিয়ে সংবাদ সম্মেলনে দেশ ও জাতি এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান লায়ন বাবুল। এরপর বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও জাতীয় পার্টির এমপির কাছে ধর্না দেয়া শুরু করেন লায়ন বাবুল।

 

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুলকে ক্ষমা প্রদর্শন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ঢাকা থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেননি।

 

তিনি যুগের চিন্তাকে বলেন, লায়ন বাবুলকে ক্ষমা করে পাঠানো চিঠিতে আমি সই করিনি। সভাপতি সই না করলেও চিঠি আসার পরপরই গতকাল ১৩ মার্চ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত এক চিঠিতে লায়ন বাবুলকে এ ক্ষমা প্রদর্শন করে জেলা আওয়ামীলীগ।

 

চিঠিতে বলা হয়, সম্প্রতি সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের এক ধর্মীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি সম্পর্কে আপনার মনগড়া বক্তব্যের অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা অনুযায়ী আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

 

সাংবাদিক সম্মেলন করে আপনি অভিযোগের সত্যতা স্বীকার করে ও কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দাখিলের মাধ্যমে আপনার বক্তব্য প্রত্যাহার পূর্বক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি এবং দেশ ও জাতির কাছে গভীরভাবে অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তৎসঙ্গে ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম এমপি মহোদয়ের নির্দেশে আদিষ্ট হয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আপনার প্রেরিত লিখিত জবাব পর্যালোচনা করে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো এবং

 

পদে বহাল রাখার জন্য সাংগঠনিক নির্দেশনা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে প্রদান করা হলো। ভবিষ্যতে সংগঠন বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন