কাকের ডাকে কোকিলদের জবাব দেয়ার দরকার নেই : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:৩২ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি একটা পেশা সম্মান করি তাই আমার মেয়েকেও সে পেশাতেই লেখাপড়া করিয়েছি। আমি রাজনীতিবিদ না হলে সাংবাদিক হতাম। এই পেশার দ্বারা সত্য বলাও যায়, আবার মানুষের পিঠে ছুরিকাঘাতও করা যায়। সাংবাদিকতা যারা করবেন তাদের কাছে অনুরোধ একটা হল সংবাদ পরিবেশন করা আর সংবাদ তৈরি করা।
রোববার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ইউনাইটেড ক্লাবের এক কর্মীসভায় একথা বলেন তিনি। শামীম বলেন, অনেকে রাগ হয়ে বক্তব্য দিয়েছে। নারায়ণগঞ্জে অনেক ঘটনা ঘটছে, রাগ হওয়ার মতই ঘটনা। অনেকে আমাদের গালাগালি করছে। গালাগালি দেক, আমার পাপ কমবে তাদের পাপ বাড়বে।
তিনি আরও বলেন, পাখি তো সবটাই যারা আকাশে ওড়ে। চামচিকাকে কি পাখি বলে মানুষ, বলে না। এটাই আমার কষ্ট। চামচিকা আকাশে সাই সাই উড়ে কিন্তু মানুষ তারে চামচিকাই বলে। এখন নারায়ণগঞ্জের দুয়েকটা এলাকায় চামচিকা উড়ে বলে আমি পাখি আমি পাখিই। কিন্তু মানুষ তাদের পাখি বলে না। আমিও তাদের নিয়ে কথা বলতে চাই না।
তিনি বলেন, বাড়ির সামনে যখন ময়লা ফেলবেন। দেখবেন বিভিন্ন পদের কাক আসে। তারা এসে কা কা কা কা করে। সে শব্দটা কিন্তু শুনতে ভাল লাগে না। তবে কাকের মত দেখতে কোকিল পাখি। সে ডাকলে মনের মধ্যে মধু লাগে। আমাদের অন্যতম সৌন্দর্য হল কোকিল, ঘুঘুর ডাক। কাকের ডাকে কোকিলদের জবাব দেয়ার দরকার নেই। কাক যদি কোকিল হতে চায় এবং চামচিকা যদি পাখি হতে চায় আমার কিছু বলার নেই।
এমপি বলেন, দুয়েকটা অনলাইন পত্রিকা বলল জনসভা, আমরা তো ডাকিনি। ডাকলে তো বলতামই জনসভা। এতে কারও সম্মান বাড়ে না, কমে।রাজনীতিতে অনেকে আমাকে পছন্দ করেন না।
এতে সমস্যা নেই, আমি বলি না আমি পারফেক্ট। আমরা দোষগুণে মানুষ। তবে অন্তত এ বয়সে এসে যদি সত্য না বলতে পারি তাহলে রাজনীতি করা উচিত না। আমি সবটা বলতে পারবো না, কারণ আমি রাজনীতি করি। টেবিলের আলোচনা মাইকে করা যাবে না। তবে যতটুকু বলব সত্য বলা উচিত।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, আসাদুজ্জামান চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমূখ।


