মেয়াদোত্তীর্ণ যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দলে বিশৃংখলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:১৭ পিএম
নারায়ণগঞ্জে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিএনপির অঙ্গ সংগঠনগুলির মাঝে ঝিমিয়ে পরা ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের মাঝে নেমে এসেছে স্থবিরতা। এর প্রধান কারন হিসাবে জানা গেছে এই চারটি অঙ্গ দলের মাঝে তিনটিরই মেয়াদ শেষ হয়ে গেছে আর একটি কমিটি পাঁচ সদস্যের আহবায়ক কমিটি দিয়ে চলছে।
এছাড়া জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিও অনেক দিন হয়ে গেছে। এসব কমিটির মাঝে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মেয়াদ শেষ হওয়ার কারনে এই কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটু এরই মাঝে ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক হয়েছেন। অথচ এখনো তিনি জেলা যুবদলেরও সভাপতি। তাই জেলা যুবদলের গঠন প্রক্রিয়া নিয়ে দলের অভ্যন্তরে লবিং গ্রুপিং চলছে বলে জানা গেছে।
কে হবেন জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক এসব বিষয়ে কেন্দ্রীয় যুবদল কোনো স্বিদ্ধান্ত নিতে পারছে না বলে জানা গেছে। ফলে নারায়ণগঞ্জ জেলায় এখন যুবদল নেই বলেই মনে করেন এই জেলার রাজনৈতিক মহল। ফলে জেলা ব্যাপী যুবদলে স্থবিরতা বিরাজ করছে। অপরদিকে গত বছরের শেষ দিকে নভেম্বর মাসে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ভেঙ্গে দিয়ে পাঁচ সদস্যের নয়া আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির আহবায়ক করা হয়েছে মমতাজ উদ্দিন মন্তুকে আর সদস্য সচিব করা হয়েছে মনিরুল ইসলাম সজলকে। কিন্তু পাঁচ সদস্যের এই কমিটি এখনো একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। ফলে নারায়ণগঞ্জ মহানগরে যুবদলের কোনো কমিটি নেই বললেই চলে। আগে মহানগর যুবদলের সভাপতি ছিলেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিরও মেয়াদ শেষ হয়ে গেছে আরো আগেই। তবে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি জেলা ব্যাপী ছাত্র দলকে বেশ দক্ষতার সহিতই নেতৃত্ব দিয়েছেন।
দল পরিচালনা করতে গিয়ে তিনি বার বার গ্রেফতার হয়েছেন। তারপরেও তিনি যতোটুকু সম্ভব জেলা ছাত্রদলকে চাঙ্গা রাখার চেষ্ঠা করেছেন। এখন রনি জেলা যুবদলের দায়িত্ব নিতে তৎপর রয়েছেন বলে জানা গেছে। ফলে এরই মাঝে স্থবির হয়ে পরেছে জেলা ছাত্রদল।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের অবস্থাও একই। একই সময়ে গঠন করা হয়েছিলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি। শাহেদ আহম্মেদকে সভাপতি আর মমিনূর রহমান বাবুকে সাধারন সম্পাদক করে গঠন করা হয়েছিলো এই কমিটি। এরই মাঝে সভাপতি শাহেদ আহম্মেদ মহানগর যুবদলে নাম লিখিয়েছেন। বর্তমানে মহানগর ছাত্রদলের কোনো আস্তিত্ব নেই বলেই জানা গেছে।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলেও একই অবস্থা বিরাজ করছে। এই দুটি কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলে জানা গেছে। ফলে আগামী দিনের আন্দোলনকে সামনে রেখে এখনই এসব কমিটি পূনর্গঠন করা জরুরী বলে মনে করেন বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।


