# সমাজের মুখোশধারী কারা, এইটা দেখার সময় এসেছে
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমি বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছি। তাঁর কোলে বসার সুযোগ কয়েকবার আমার হয়েছে। উনি একজন হিরো ছিলেন। কারণ উনি মানুষের কথা বলেছিলেন। যেই জায়গা থেকে আমরা সরে এসেছি। সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে আমি বিশ্বাস করি না। সত্য সুন্দর, সুন্দরই সত্য। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা এই কথা মানেন।’
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই ম্যুরালটা আগেই করার কথা ছিল, উচিতও ছিল। আগে হয়ও নাই, করেও নাই। এই ম্যুরালটা করায় সবাই যে খুশি তা না কিন্তু।
অনেকে খুশি নাও হতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের পুলিশ সুপার সাহেবের আলাদা একটা অনুভূতি কাজ করছে। কেননা তার ভাই স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলেন।’ শামীম ওসমান বলেন, ‘রাজনীতিতে একটা সময় এক রকম কথা বলতাম। এখন বয়স হয়েছে। এখন বুঝি যে, পৃথিবীতে মানুষের এক সেকেন্ডের ভরসা নেই। আমি না থাকলে কিছুই হবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি।
কারণ স্বপ্ন দেখার জন্য শেখ হাসিনা ছাড়া কেউ নাই। দাঁড়ানোর জন্য ওনার বাইরে কেউ নাই।’ সরকারদলীয় এই সাংসদ বলেন, ‘এখন বঙ্গবন্ধু সৃষ্টি হয় না কিন্তু মীর জাফর আর খন্দকার মোশতাক জেলায় জেলায়, থানায় থানায় সৃষ্টি হয়। দেশের ভেতরেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে যা দেখছেন এই কিন্তু আগামীকাল না, আমরা আগামীকাল দেখি নাই।
সমাজের মুখোশধারী কারা, এইটা দেখার সময় এসেছে। ষড়যন্ত্রকারীরা বসে নাই। ওরা সংখ্যায় কম হলেও ষড়যন্ত্রকারীরা বসে থাকে না।’ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমুখ।


