বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে : এটর্নি জেনারেল
যুগের চিন্তা
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম
বাংলাদেশের এটর্নি জেনারেল এডভোকেট এনএম আমিনউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি বলেন টুঙ্গিপাড়া থেকে যার জীবন শুরু হয়েছিল সেই মুজিব বাংলাদেশে শতাব্দির মহানায়ক হিসেবে পরিণত হয়েছে। মাত্র ৫৫ বছরের এই ক্ষনজন্মা পুরুষ আজকে বেঁচে থাকলে তিনি শতায়ু উত্তীর্ন হয়েছে।
কিন্তু ঘাতকরা বুঝতে পেরেছিলেন তিনি একদিন বিশ্বের মহানায়ক হবেন তাই তাকে হত্যা করা হয়েছে। এটর্নি জেনারেল নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে এবং তার ইতিহাস জানার জন্য আহবান জানান। তিনি বলেন বারবার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায়নি।
তিনি বৃহস্পতিবার বিকেলে ভূইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, সাবেক অতিরিক্ত ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু,
বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস এর প্রেসিডেন্ট রাসেল টি, আহমেদ নারায়ণগঞ্জ বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দীপু, নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,
প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা ভিত্তিক চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন। এর আগে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয় এবং বঙ্গবন্ধুর উপর লেখা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।


