# ভুলে গেছে কমান্ডার সিরাজুল ইসলামকে
অতীতকে ভিত্তি করেই গড়ে উঠে বর্তমান। আর বর্তমানকে ঘিরেই নির্মিত হয় ভবিষ্যত। যার অতীত নেই, ইতিহাস নেই, সে তো স্রেফ কৃষ্টি কালচারহীন হটেনটট। নারায়ণগঞ্জে বিএনপি এখন এমনি একটি রাজনৈতিক দেউলিয়া সংগঠন। গত ২৩ মার্চ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমান্ডার সিরাজুল ইসলামের ১০ম মৃত্যুদিবস গেল, অথচ কেaউ তার নামটিও নিল না।
তার জন্য অনুষ্ঠিত হলো না কোন আলোচনা সভা। এমন কি দুটি আগরবাতি জ্বালিয়ে তার নামের উপর একটি দোয়া অনুষ্ঠানও হলো না। অথচ, এমন একদিন ছিল, যখন কমান্ডার সিরাজুল ইসলাম হেটে গেলেও শহরবাসী তা টের পেতো। চারদিকে রব উঠতো, ঐ যে সিরাজভাই যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালে জেলা ও মহানগর কমিটি গঠনের মাধ্যমে এ জেলায় বিএনপির পত্তন হয়। মতিন চৌধুরীকে সভাপতি, কমান্ডার সিরাজুল ইসলামকে সাধারন সম্পাদক এবং অধ্যাপক রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে এখানে গড়ে উঠেছিল প্রতিষ্ঠাকালীন জেলা বিএনপি কমিটি। আর, মহানগর কমিটি গঠিত হয়েছিল হাজী জালালউদ্দিনকে সভাপতি, হাসান জামালকে সাধারন সম্পাদক ও হানিফ কবিরকে সাংগঠনিক সম্পাদক করে।
গতকাল ছিল প্রতিষ্ঠাকালীন জেলা বিএনপি সাধারন সম্পাদক কমান্ডার সিরাজুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী। কিন্তু, নারায়ণগঞ্জবাসী তা জানতেই পারলো না। অথচ, ৬৯ ও ৭০ এর অগ্নিঝরা আন্দোলনের দিনগুলোতে কমান্ডার সিরাজুল ইসলাম ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি। ৭১ এর ২৭ মার্চ পাক বাহিনী যখন প্রথম নারায়ণগঞ্জে প্রবেশ করে তখন সিরাজুল ইসলামের নেতৃেেত্বই সামান্য বন্দুক ও থ্রি নট থ্রি রাইফেল নিয়ে পাকবাহিনীকে মাসদাইরে বাঁধা দেয়া হয়েছিল।
যে কারণে মানুষ সময় পেয়েছিল শহর থেকে সরে যাওয়ার। পরবর্তিতে একটি গেরিলা গ্রুপের কমান্ডার হিসেবে জীবণ বাজী রেখে তিনি মুক্তিযুদ্ধ করেন। স্বাধীনতার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের অপশাসনের প্রতিবাদে তিনি জাসদে যোগদান করেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান কমান্ডার সিরাজকে কাছে টেনে নেন এবং তাকে নারায়ণগঞ্জের বিএনপি নেতৃত্বে প্রতিষ্ঠা করেন।
১৯৯১ সালে সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ নির্বাচিত হন। এমপি হিসেবে তিনি এ আসনের অবকাঠামোগত যে উন্নয়ন করেছেন, তারপর আর তেমন কিছু হয়নি। কমান্ডার সিরাজুল ইসলাম ছিলেন একজন কর্মী অন্তঃপ্রাণ সার্বক্ষণিক রাজনীতিবিদ। তর্মীদের নিয়ে রাত তিনটা বাজেও তাকে শহরে ঘুরে বেড়াতে অথবা কোথাও বসে গল্পগুজব ও আলাপচারিতা করতে দেখা গেছে।


