নারায়ণগঞ্জকে সুন্দর করতে অনেক কষ্ট করতে হয়েছে: আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৭:১০ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দেওভোগবাসী অত্যন্ত সৌভাগ্যবান। কারণ এইখানে এত বড় মাঠ, একটি লেক, পাশে জল্লারপাড়ে আবার আরেকটি লেক ও মাঠ হচ্ছে, পাশেই বাবুরাইল খাল। যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর। নারায়ণগঞ্জকে সুন্দর করতে অনেক কষ্ট করতে হয়েছে।
কিন্তু এখন আমার খুবই ভালো লাগছে।’ শুক্রবার (১ মার্চ) বিকেলে নগরীর শেখ রাসেল নগর পার্কের ভেতরের স্টেডিয়ামে দেওভোগ প্রিমিয়ার লীগের চলতি সিজনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জিমখানার মাঠ ও পুকুর দেখে আমার সংরক্ষণ করা উচিত বলে মনে হয়েছিল।
সেই সময় পুকুরগুলোতে ঝুলন্ত টয়লেট ছিল। আর এখন কী সুন্দর পরিবেশ হয়েছে। এই মাঠে এখন ফুটবল ও ক্রিকেট দু’টোই খেলা যায়। পাশ দিয়ে ভলিবল খেলারও ব্যবস্থা করে দেবো। আজান হয়, পাখি ডাকে, সুবাতাস সবই আল্লাহর নেয়ামত।’ আইভী বলেন, ‘কেউ কেউ বলেছিল, এইখানে মাঠ হবে না, পানি থাকবে না, বিশুদ্ধ বাতাস খাওয়াতে পারবো না।
এটা নাকি মতিঝিল হয়ে যাবে। আমি তাদেরকে অনুরোধ করবো, আসেন এইখানে এসে বসেন, উপভোগ করেন আর দেখেন কী সুন্দর মাঠ হয়েছে। আকাশের মতো মনটাকে বিশাল করুন, দেখবেন ভালো লাগবে। তাহলে আর মানুষকে বকা দিতে পারবো না, গুম-হত্যার রাজনীতি করতে পারবো না। তখন আমাদের চোখে বাচ্চাদের খেলাধুলা, সাংস্কৃতিক জগত ভেসে উঠবে।
বাংলার আবহমান ঐতিহ্য তাহলে ধরে রাখতে পারবো।’ সিটি মেয়র বলেন, ‘মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিতে তরুণ সমাজকে মনোনিবেশ করতে হবে। সংস্কৃতির সাথে ধর্মের কোন পার্থক্য নাই। আমার ধর্মও যেমন মেইনটেইন করতে হবে তেমনি আমাদের সংস্কৃতিও বজায় রাখতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।


