# সম্মেলনে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী
# নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে জেলা বিএনপি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। এপ্রিলের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন সম্মেলনে কে হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে নতুন মেরুকরণ।
তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের হাতে তুলে দেয়ার দাবি বিএনপির তৃনমূল। আর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এমনটাই প্রত্যাশা তৃণমুল নেতাকর্মীদের।
জানাগেছে, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার ১১মাস পর গত ২০২১ সালে ১লা জানুয়ারি কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিএনপি'র বহিস্কৃত নেতা এড. তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদকে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট আহ্বায়ক অনুমোদন দেয়। এই কমিটিকে তিন মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাসের এই কমিটি ১৫ মাস পার করে দিয়েছে। শিগগিরই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি হিসাবে জেলার অধীন থাকা ১০টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বাকি ৫ ইউনিটের সম্মেলন দ্রুত শেষ করেই জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তবে এপ্রিল মাসে মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির অনুষ্ঠিত হবে। আর সেই লক্ষ্যেই কাজ করছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এমনটাই জানাগেছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা তৎপর হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে তাদের কেউ কেউ তৃণমূল পর্যায়ে চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক কর্মকাণ্ড ও গ্রুপিং করছেন । লন্ডনে থাকা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে বিএনপি'র হাইকমান্ড নেতাদের কাছে চালাচ্ছেন লবিং।
এর মধ্যে সভাপতি পদ পেতে তৎপর রয়েছেন সাবেক এমপি বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। এ ছাড়াও সম্মেলনের তারিখ ঘোষণার পর এই তালিকায় আরও একাধিক নাম যুক্ত হতে পারে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ- সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ভিপি মাশুকুল ইসলাম রাজিব ।
অপরদিকে সম্মেলনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপরতা বৃদ্ধি করছেন জেলা বিএনপির শীর্ষ দুটি পদপ্রত্যাশীরা। তবে জেলা বিএনপির একাধিক নেতা জানান, সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটির শীর্ষ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের নেতৃত্ব নির্বাচিত হবে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে। কাউন্সিলরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্ধারণ করবেন।


