নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমার পেছনে অনেকেই লাগে, কম আর বেশি। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এইসব প্রতিষ্ঠানগুলো নিয়ে একটু কাজ করেন। নিউজ করেন, প্রকল্পগুলো কেন হচ্ছে না, কী হচ্ছে না। এতে কাজগুলো দ্রুত হবে।’
রোববার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার জালকুড়িতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিটি বাবা তার মেয়েকে বিয়ের সুন্দর সাজে দেখতে চায়। আমি নারায়ণগঞ্জকে নিজের মেয়ের মতো দেখেছি। ডিএনডি প্রকল্প হচ্ছে।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আবারও সুন্দর করে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। মন্ত্রণালয় গিয়ে ঘ্যানঘ্যান করে অনেক প্রকল্প এনেছি। আমি চাই লিংক রোডের পাশেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হোক।’ শামীম ওসমান আরও বলেন, ‘আমি খোলামেলা কথা বলতে চাই।
এই বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আমার চাহিদাপত্র অনুযায়ী এসেছে। কিন্তু কেউ কেউ এমন প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতে, যেখানে গেলে নারায়ণগঞ্জের কোন কাজ হবে না। অলিগলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এইসব বুঝি না, আমি কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দিচ্ছি।’ তিনি বলেন, ‘আর পাঁচটা বছর পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়ে যাবে।
রাস্তার রাজনীতি আর থাকবে না। আমাদের মতো মেধাশূণ্য লোকেরা আর রাজনীতি করবে না। পলকের মতো মেধাবী লোকেরা রাজনীতি করবে, এটা আমি বিশ্বাস করি। এখন রাজনীতি করতে হবে অর্থনীতির উন্নয়ন করার জন্য। রাস্তায় স্লোগান দিয়ে অর্থনৈতিক উন্নয়ন হয় না, মেধা দিয়ে হয়।’ শেখ কামালের স্মৃতিচারণে শামীম ওসমান বলেন, ‘যুদ্ধের সময় কর্ণেল ওসমানীর এডিসি ছিলেন শেখ কামাল ভাই।
তিনি জাতির পিতার সন্তান। সে অনুযায়ী সবাইকে তার এডিসি হওয়ার কথা। কত নরমাল লাইফ তিনি কাটিয়েছেন। সেই শেখ কামাল ভাইয়ের নামে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নারায়ণগঞ্জে হচ্ছে। এইজন্য যারা এইটার সাথে জড়িত আছেন তাদের প্রতি দোয়া করি।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, ডা. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডি জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।


